৭.৩৪ পেয়ে নির্বাচিত, ৭.৬৮ পেলেও বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অধিকতর যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থী এ অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের জন্য অস্থায়ী পদে একজন প্রভাষক নিয়োগের জন্য গত মঙ্গলবার বোর্ড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এতে সভাপতিত্ব করেন। বোর্ডের সদস্যহিসেবে ছিলেন বিভাগের সভাপতি মুহাম্মদ ছায়েদুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। নিয়োগপ্রত্যাশী ১৪ জন প্রার্থী এ বোর্ডের সাক্ষাৎকারে অংশ নেন। তাঁদের মধ্যে একজনকে বোর্ডের পাঠানোর সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শিক্ষক হিসেবে নিয়োগ দেবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য ফারজানা ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তবে লোকপ্রশাসন বিভাগের সভাপতি মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘যাঁর সিজিপিএ সর্বোচ্চ, তাঁকেই নিয়োগ দিতে হবে, এমন নিয়ম থাকলে তো বোর্ড ডাকার প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, পছন্দের কারণে নয়, রেজাল্ট ও বোর্ডে পারফরম্যান্স মূল্যায়ন করেই একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, বোর্ড আবু সাইফ মোহাম্মদ তৌহিদুল আলম নামের এক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে। সাইফ স্নাতকে ৩ দশমিক ৫৪ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৮০ সিজিপিএ পেয়েছেন। দুটো পরীক্ষা মিলিয়ে তাঁর সিজিপিএ ৭ দশমিক ৩৪। অথচ যথাক্রমে স্নাতকে ৩ দশমিক ৬৮, ৩ দশমিক ৮১, ৩ দশমিক ৭০, ৩ দশমিক ৭১ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৯৩, ৩ দশমিক ৮৭, ৩ দশমিক ৮০, ৩ দশমিক ৭০ সিজিপিএ পাওয়া প্রার্থীও রয়েছেন। এ চার প্রার্থীর মধ্যে দ্বিতীয়জনের সিজিপিএ দুই পরীক্ষা মিলিয়ে ৭ দশমিক ৬৮। আবার আবু সাইফ নন-থিসিস গ্রুপ (গবেষণাপত্র ছাড়া) নিয়ে পাস করেছেন। মূলত সভাপতির পছন্দের হওয়ায় অধিকতর যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে সাইফকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

তবে আবু সাইফ বলেন, ‘সিন্ডিকেটে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কাকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, তা গোপন থাকে। তাই আমি আসলে এখনো জানি না বোর্ড কাকে সুপারিশ করছে।’