৭০ অনুচ্ছেদ সংসদকে ধ্বংস করছে: ড. কামাল
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সংবিধানে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারি। যেভাবে এটা প্রয়োগ হয়েছে, তা সংসদকে ধ্বংস করছে।’
গতকাল বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইআরসি সেমিনার হলে ‘বিচারপতিদের অভিশংসন-ন্যায়বিচার-সুশাসন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেন। ‘গুড গভর্নেন্স ফোরাম’ নামের একটি সংগঠন ওই গোলটেবিলের আয়োজন করে।
৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা রয়েছে।
ড. কামাল হোসেন বলেন, ষোড়শ সংশোধনী সুপারসনিক গতিতে কেন হবে? অভিযুক্ত ব্যক্তির বিচার কীভাবে হবে, সে বিষয়ে তিন মাসের মধ্যে আইন করা হবে বলা হয়েছে। এর আগেই সংবিধান সংশোধন করা হলো। তিনি বলেন, আগে রাজনীতি ছিল মানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করা। সম্পত্তি করা, ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়া এর মধ্যে ছিল না।
ড. কামাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ শব্দ শুনিনি। এখন নতুন শব্দ বের হয়েছে। এখন ছাত্রদল, ছাত্রলীগ এদের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। ক্যামেরার দিকে তাকিয়ে অস্ত্র নিয়ে ছবি তুলছে, টেন্ডারবাক্স দখল করছে বলে পত্রিকায় এসেছে। আজকে আমরা ভয়াবহ জায়গায় চলে এসেছি। এ জন্য আমি সবচেয়ে বেশি দায়ী। এ দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি দিয়ে আসছে। আমি কী পাব, কী হলাম তা তাঁরা ভাবে না।...সমস্যার মূলে কারা? ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে হলে নির্বাচন পদ্ধতির পরিবর্তনের কথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘অবাক লাগছে, আজকে দল যেটা করছে সেটা আমার দল। জীবনের অনেকটা সময় এই দল আওয়ামী লীগ করেছি। এই দল যেটা করছে, বাস্তবিক বিএনপি ২০০৭ সালে করেছে। এক ধাপ এগিয়ে গেছে এই দল।’
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়নি, ভণ্ডামি হয়েছে, শঠতা হয়েছে। প্রধানমন্ত্রী ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।
বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী সিগমা হুদা, সাবেক সাংসদ আহসান হাবিব, সাবেক সাংসদ হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকতেদার আহমেদ।