৭০ অনুচ্ছেদের সংশোধন প্রয়োজন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু
তিন জোটের রূপরেখা প্রণয়নের সঙ্গে জড়িত পাঁচ দলের পক্ষে জাসদের সেই সময়ের নেতা হাসানুল হক ইনু এখন তথ্যমন্ত্রী, দলটির সভাপতি। রূপরেখার কিছু বিষয় নিয়ে তিনি প্রথমআলোর মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথমআলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান:

প্রথম আলো: স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, কিন্তু তিন জোটের রূপরেখা কতটুকু বাস্তবায়িত হয়েছে?

হাসানুল হক ইনু: তিন জোটের রূপরেখা অনুযায়ী এরশাদের পতন ঘটে। সবার ঐকমত্যে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে। এরশাদকে আইন-আদালতের মুখোমুখি হতে হয়। এখনো কয়েকটি মামলা চলছে তাঁর বিরুদ্ধে।

প্রথম আলো: রাজনীতিতে ও সংসদে এরশাদের অবস্থান কীভাবে দেখেন?

ইনু: এরশাদ রাজনীতি করলেও আইনের ঊর্ধ্বে নন। তাঁকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাঁর মামলা কিন্তু কোনো সরকার তুলে নেয়নি। আদালতই ঠিক করবেন, তিনি দোষী, না নির্দোষ। রাজনীতিতে থাকবেন, না নিষিদ্ধ হবেন।

প্রথম আলো: তিন জোটের রূপরেখার বাস্তবায়ন কতটা হয়েছে?

ইনু: রূপরেখার ভিত্তিতে রাষ্ট্রপতি-শাসিত সরকারব্যবস্থা থেকে দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন পর্যন্ত যে সংবিধান ছিল, তিন জোটের রূপরেখা অনুযায়ী সেটির সংশোধন হয়েছে। এর ফলে গণতন্ত্রের চর্চায় আমরা অনেক দূর এগিয়েছি। যদিও সামনে আরও এগোতে হবে।

প্রথম আলো: সংসদীয় গণতন্ত্রের সুফল কি আমরা পাচ্ছি?

ইনু: গত কয়েক বছরে সংসদীয় গণতন্ত্রের অনেক কিছুই বিকশিত হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি হয়েছে, স্থায়ী কমিটিতে বিরোধী সাংসদদের নেওয়া হচ্ছে, তাঁরা কমিটির সভাপতি হচ্ছেন। নারী আসন ৩০ থেকে বেড়ে ৫০ হয়েছে। দলের সংখ্যানুপাতিক পদ্ধতি কার্যকর হওয়ায় সব দল নারী আসনের ভাগ পাচ্ছে। এ ছাড়া সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য কমিশন, মানবাধিকার কমিশনের মতো প্রহরী সংস্থার জন্ম হয়েছে।

প্রথম আলো: সংসদীয় গণতন্ত্রের সুফল পেতে চাইলে আর কী করা উচিত?

ইনু: রূপরেখায় উল্লেখ না থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সংসদীয় গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করতে চাইলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের আংশিক সংশোধন দরকার। ওই সংশোধনীর মাধ্যমে স্বাধীনভাবে আইন তৈরিতে সাংসদেরা যাতে ভূমিকা রাখতে পারেন, সেই অধিকার দিতে হবে। এতে আইন তৈরিতে সাংসদদের ভূমিকা প্রাণবন্ত হবে।

প্রথম আলো: আইন প্রণয়নে সাংসদেরা কী ধরনের সমস্যায় পড়ছেন?

ইনু: সংবিধান অনুযায়ী এখন দল যা বলে, সাংসদকে তা-ই করতে হয়। সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকা উচিত নয়। তবে সরকারের স্থিতিশীলতা রক্ষার প্রশ্ন বা অর্থ বিল প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়ায় সাংসদের বাধ্যবাধকতা থাকতে পারে। এ ছাড়া দল যখন হুইপিং করবে, তখন তা মানতে সাংসদ বাধ্য থাকবেন। কিন্তু সব আইন প্রণয়নের ক্ষেত্রে দলের পক্ষে অবস্থান নেওয়ার বাধ্যবাধকতা থাকলে তা সাংসদের চিন্তা ও মতামতকে সংকুচিত করে দেয়।

প্রথম আলো: আইন তৈরিতে সংসদের ভূমিকা বাড়াতে আর কী করণীয় আছে?

ইনু: আমার মতে, সংসদের দুটি কক্ষ থাকা উচিত। শ্রেণি, পেশা, নারী, স্থানীয় সরকার, ক্ষুদ্র জাতিসত্তাসহ সব স্তরের প্রতিনিধিদের নিয়ে সংসদের উচ্চকক্ষ গঠন করা প্রয়োজন। তবে আইন তৈরি করবে নিম্নকক্ষ। উচ্চকক্ষ আইন তৈরির প্রস্তাব পাঠাবে এবং আইন তৈরিতে ভূমিকা রাখবে বা সহায়তা করবে। তা ছাড়া সংসদে উচ্চকক্ষ থাকলে নিম্নকক্ষের ওপর একধরনের অদৃশ্য চাপ বা নজরদারি থাকবে।

প্রথম আলো: বেতার-টিভির স্বায়ত্তশাসনের কথা ছিল তিন জোটের রূপরেখায়। এটা দেওয়ার কোনো সম্ভাবনা আছে?

ইনু: নব্বইয়ে যখন দেশে বেসরকারি গণমাধ্যম ছিল না, তখন এই দাবি প্রাসঙ্গিক ও যৌক্তিক ছিল। কিন্তু এখন বেতার, টিভি, কমিউনিটি রেডিও এবং এফএম রেডিওর ব্যাপক প্রসার ঘটেছে। সরকার এখন জেলায় জেলায় কমিউনিটি রেডিও দিতে চায়। তাই যেভাবে তথ্যের অবাধ প্রবাহ ঘটেছে, তাতে রেডিও-টিভির স্বায়ত্তশাসনের দরকার আছে বলে কেউ আর মনে করে না।