৭০ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গতকাল ৩৬ কিলোমিটারজুড়ে যানজট হয়। উভয় মহাসড়কে আটকে পড়া যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ ও যানবাহনের চালকেরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার করাতিপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক দুটি মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারজুড়ে যানজট হয়। গতকাল সকাল আটটার দিকে মির্জাপুরের প্রস্তাবিত গোড়াই মহাসড়ক পুলিশ রেকারের সাহায্যে ট্রাক দুটি সরিয়ে নেয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়। তবে যান চলাচল স্বাভাবিক হতে দুপুর ১২টা বেজে যায়।চন্দ্রা এলাকার শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম জানান, দিনাজপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁদের কোম্পানির একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটির ঢাকায় পৌঁছানোর কথা। যানজটের কারণে দুপুর ১২টার দিকে বাসটি চন্দ্রা অতিক্রম করে। প্রস্তাবিত গোড়াই সড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম প্রথম আলোকে জানান, করাতিপাড়াতে দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পেন্নাইয়ে প্রায় চার মাস ধরে সেতু নির্মাণের কাজ চলছে। এখানকার এক কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতের প্রবল বৃষ্টি ও খানাখন্দের কারণে গতকাল ভোর ছয়টা থেকে উপজেলার বলদাখাল এলাকা থেকে চান্দিনা সদর পর্যন্ত ৩৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়ে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এর মধ্যে রোগী, শিশু, বৃদ্ধ ও নারীরা চরম দুর্ভোগে পড়েন। কুমিল্লা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ইসমত আরা ইয়াসমীন জানান, তীব্র যানজটের কারণে দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে গৌরীপুর পর্যন্ত আট কিলোমিটার পথ অতিক্রম করতে আড়াই ঘণ্টা সময় লাগে। সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের চালক আবদুল আলী বলেন, ‘চান্দিনায় এসে যানজটে আটকা পড়ি। দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ২৭ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘণ্টা সময় লেগেছে। এ সময় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিশু ও নারীরা চরম ভোগান্তির শিকার হন।’ দাউদকান্দি মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম প্রথম আলোকে জানান, প্রবল বর্ষণ, মহাসড়কে খানাখন্দ, অপ্রশস্ত মহাসড়ক ও এলোপাতাড়ি যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে শিশু, নারী ও বৃদ্ধসহ সব শ্রেণীর মানুষকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়। দাউদকান্দি মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পেন্নাই এলাকায় খানাখন্দের কারণে মূলত গতকাল এ যানজটের সৃষ্টি হয়।