বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করে দলীয় সরকারের অধীনে হলে বিএনপি ও শরিকেরা আগামী নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের সময় ফেনী থেকে বিবিসিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বিবিসিকে বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করার পক্ষে।কয়েকটি রোডমার্চ করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পর্কে মানুষকে কতটুকু বোঝাতে পেরেছে—এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘বিভিন্ন খবরের কাগজে এগুলো নিয়ে পরিসংখ্যান চালানো হয়েছে। সেখানে ৭০ থেকে ৮৫ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। মানুষ পুরোপুরিভাবে বিএনপি এবং জোটের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে।...আগামীকাল চট্টগ্রামে যে জনসভা আছে, সেই জনসভায় আপনারা দেখতে পাবেন, এই দাবিটা পুরোপুরিভাবে জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজেই বিএনপি জনগণের দাবি থেকে কোনোভাবেই সরে যেতে পারে না।’সরকারি দল চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ কুমিল্লায় নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করেনি দাবি করলেও বিরোধী দল কেন বিশ্বাস করতে পারছে না—এ প্রশ্নের জবাবে বিএনপির প্রধান বলেন, ‘সব জায়গায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। কারণ, তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়।...তার পরও যেসব নির্বাচন হচ্ছে, এগুলো সব লোকাল বডি নির্বাচন। জাতীয় নির্বাচন একটা বিশাল ব্যাপার। সেটা আর এটা এক জিনিস নয়।’২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার কথা বিরোধী নেতাকে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি যে কথা বলেছেন, সে প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘ওই সময়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। ছিল পুরোপুরি অসাংবিধানিক একটা সামরিক সরকার। সামনে শুধু ফখরুদ্দীনকে রাখা হয়েছিল। আওয়ামী লীগও তাঁর সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগের নেত্রী তখন পরিষ্কার বলেছিলেন, “আমাদের আন্দোলনের ফসল এই সরকার এবং এই সরকারের সমস্ত কাজের বৈধতা তাঁরা দেবেন।’