৭০ দিনের মধ্যে ২৫ দিন বিদ্যুৎবিহীন পাটগ্রাম
ঝড় বা বৃষ্টি শুরু হলেই লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎ চলে যায়। একবার গেলে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগে দুই থেকে সাত দিন। এভাবে চলতি বছরের এপ্রিল থেকে গতকাল বুধবার ১০ জুন পর্যন্ত ৭০ দিনে উপজেলায় ২৫ দিনই বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের ইনসুলেটর পুরোনো হওয়ায় বছরের পর বছর ধরে এ সমস্যা বিরাজ করছে। এতে উপজেলার ১৫ হাজার গ্রাহক নিয়মিত ভোগান্তি পোহাচ্ছেন। অফিস-আদালতের কার্যক্রম হয়ে পড়ছে স্থবির।
ভুক্তভোগীরা জানান, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঝড় ও বৃষ্টি শুরু হয়। সপ্তাহের প্রথম দিকে বিদ্যুৎ চলে যায়, আসে চার দিন পর। এরপর দ্বিতীয় সপ্তাহে তিন দিন বিদ্যুৎ ছিল না। তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার রাতে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়, আসে শনিবার বিকেলে। মে মাসে প্রথম সপ্তাহে দুই দিন, দ্বিতীয় সপ্তাহে এক দিন ও শেষ সপ্তাহের ছয় দিন বিদ্যুৎ ছিল না। আর চলতি মাসে প্রথম সপ্তাহে ছয় দিনসহ গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ নেই।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে লালমনিরহাট জেলা সদর থেকে পাটগ্রাম উপজেলা পর্যন্ত ৯০ কিলোমিটারে ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার টানা হয়। পরবর্তী সময়ে সংস্কার না করায় লাইনের ইনসুলেটরগুলো পুরোনো হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই এগুলো পুড়ে যায়। খুঁজে বের করে সেগুলো মেরামত করতে কখনো কখনো পাঁচ-ছয় দিন পর্যন্ত সময় লাগে।
নাম প্রকাশ না করে পিডিবির এক কর্মকর্তা বলেন, এই সমস্যার কারণে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ ইউনিট বিদ্যুৎ নষ্ট হয়। বেশি দূরত্বের কারণে জেলার পাঁচ উপজেলার মধ্যবর্তী উপজেলায় একটি গ্রিডের সাবস্টেশন বসানো হলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে।
উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের কৃষক গোলাম রব্বানী (৩৫) বলেন, আকাশ ভালো থাকলেও বিদ্যুতের যাওয়া-আসার খেলা থাকে। আবার ঝড় বা বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গতকাল বুধবার পাটগ্রাম পৌর বাজারে গিয়ে দেখা যায়, ভাড়ায়চালিত জেনারেটর দোকানের সামনে বসিয়ে বেকারি সামগ্রী রক্ষা করছেন অনেক ব্যবসায়ী। ওই বিদ্যুৎ-সংযোগে অনেকেই তাদের মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য লাইন করে দোকানে ভিড় জমাচ্ছে। বেকারি ব্যবসায়ী মুন্নু বলেন, এমনিতেই ঘন ঘন লোডশেডিং, তার ওপর যতক্ষণ বিদ্যুৎ থাকে তা যাওয়া-আসার মধ্যেই থাকে। ফলে বৈদ্যুতিক যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে।
বিদ্যুতের এই দশা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, এভাবে চলতে থাকলে এ এলাকায় কেউ কলকারখানা স্থাপনে এগিয়ে আসবে না। এ এলাকা উন্নয়নবঞ্চিত হবে। টানা চার দিন বিদ্যুৎ না থাকার বিষয়ে তিনি বলেন, কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে, মেরামতের পর আবার পার্শ্ববর্তী উপজেলায় একই লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করা হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।
এ বিষয়ে জানতে দোয়ানী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (আরই) আবু আসাদ প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।