৭০ পেরিয়েছে 'রাজ্জাকস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পুরোনো বিপণিবিতান ‘রাজ্জাকস’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পুরোনো বিপণিবিতান ‘রাজ্জাকস’

ষাটের দশকের মাঝামাঝি সময়ের কথা। স্কুলপড়ুয়া শফিকুল ইসলামকে জুতা কিনে দিতে বাবা নিয়ে গেলেন ‘আধুনিক’ বিপণিবিতান ‘রাজ্জাকস’-এ। ঢাকার সেই সময়কার শ্রীহীন বিপণিকেন্দ্রগুলোর সঙ্গে এই আলো ঝলমলে দোকানটির যেন তুলনাই চলে না। ষাট বছর বয়সী মো. শফিকুল ইসলামের এখনো মনে পড়ে ছোটবেলার সেই জুতা কেনার স্মৃতি। বললেন, ‘ওই সময় ঢাকার প্রসিদ্ধ দোকান ছিল রাজ্জাকস। নিজেদের কারখানায় হাতে তৈরি জুতা আর বিদেশি শার্টের জন্য ওদের খুব নাম ছিল।’
ঢাকার বাসিন্দাদের কাছে একসময় শৌখিন পোশাক-জুতার দোকান বলতেই ছিল গুলিস্তানের ‘গ্যানিস’ আর ‘রাজ্জাকস’। জিপিওর উল্টোদিকের ‘গ্যানিস’ অনেক আগেই উঠে গেছে। তবে ৭০ বছরের বেশি সময় ধরে টিকে আছে ‘রাজ্জাকস’। শুরুতে দোকানঘরটি ছিল একতলা। এখন ২৫ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি চারতলা ভবনের নিচতলায় দোকানটির অবস্থান।
রাজ্জাকস-এর বর্তমান কর্মচারী মো. আশরাফ আলী বলেন, দোকানটির প্রথম মালিক ছিলেন অবাঙালি। তাঁর নামেই দোকানের নাম। স্বাধীনতার পর ব্যবসার হাত বদল হয় বেশ কয়েকবার, তবে নাম বদল হয়নি। ১৯৮২ সাল থেকে নুরুল ইসলাম এই দোকানের স্বত্বাধিকারী। তিনিও পুরোনো নামটি ব্যবহার করছেন। বর্তমান শপ ইনচার্জ শরীফ হোসেন বলেন, রাজ্জাকস নামটিই ক্রেতাদের মনে গেঁথে গেছে বলেই হয়তো এর নাম পরিবর্তন করা হয়নি। প্রায় ৬০০ বর্গফুটের দোকানটিতে শুরু থেকেই পুরুষদের রেডিমেড পোশাক, শার্ট-প্যান্ট-স্যুটপিস আর নারী-পুরুষ-শিশুদের জুতা বিক্রি হয়ে আসছে। বিক্রয়কর্মী আশরাফ বলেন, আগে বিদেশি পণ্যই বেশি বিক্রি হতো। তবে এখন দেশি পণ্যের সংগ্রহ বেশি। জুতাও এখন আর রাজ্জাকস-এর নিজস্ব কারখানায় তৈরি হয় না। বাইরে থেকে সংগ্রহ করা হয়। একদামের দোকানটিতে পুরুষের ফুলশার্টের দাম ১৬০০ থেকে ২৮০০ টাকা, আর বড়দের জুতা পাওয়া যায় ৫০০ থেকে ২৫০০ টাকায়। দোকানের কর্মীরা বললেন, বেশ ভালোই চলছে বেচাকেনা।
এমন অনেক ক্রেতা আছেন, যাঁরা পারিবারিকভাবে জড়িয়ে গেছেন প্রতিষ্ঠানটির সঙ্গে। বিক্রয়কর্মী আশরাফ বলেন, আগে বাবা ছিলেন ক্রেতা, এখন তাঁর ছেলেরাও আসেন। এত বছর ধরে ক্রেতাদের পছন্দের তালিকায় থাকার রহস্য জানতে চাইলে আশরাফ বললেন, ‘কাস্টমাররা জানেন, এখানে এলে তাঁরা সবচেয়ে ভালো জিনিসটাই পাবেন।’