৭০ বছর পর স্বজনের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী হায়দার ও তাঁর ভাগনে আবদুর রহিম
আলী হায়দার ও তাঁর ভাগনে আবদুর রহিম

যখন বাড়ি ছেড়েছিলেন তখন বয়স ছিল ১৫। সেই কিশোর এখন বয়সের ভারে ন্যুব্জ। বয়স ৮৫। মাঝখানে পেরিয়ে গেছে ৭০ বছর। অবশেষে স্বজনের খোঁজ পেয়েছেন তিনি। তিনি আলী হায়দার। এ অসাধ্য সাধন হয়েছে ফেসবুকের কল্যাণে।
গত সোমবার এ ঘটনা ঘটে। এদিন ভাগনে আবদুর রহিম মামা আলী হায়দারকে কাছে পান। গত মঙ্গলবার আলী হায়দার ভাগনের বাড়ি নোয়াখালী পৌঁছেন।
আলী হায়দার ও তাঁর ভাগনে বলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার কুলছড়ি গ্রামের মৃত ইয়াকুব আলীর প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে হায়দার আলী। সংসারে অশান্তির কারণে ১৫ বছর বয়সে আলী হায়দার ভারতে চলে যান। প্রায় চার মাস ভারতে থাকার পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় চলে আসেন আলী হায়দার।
চান্দগ্রাম এলাকাবাসী জানায়, প্রায় ৭০ বছর আগে আলী হায়দার এখানে আসেন। এসে একটি হোটেলে কাজ নেন। পরে বিভিন্নজনের বাড়িতে গরু-মহিষ চরিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিন বছর ধরে তিনি অসুস্থ। এখানে-সেখানে পড়ে থাকতেন। গুছিয়ে কথা বলতে পারেন না। এ অবস্থায় মধ্য চান্দগ্রামের সোনা মিয়া নামের এক ব্যক্তি চান্দগ্রাম বাজারের একটি পরিত্যক্ত দোকানে আলী হায়দারকে থাকার ব্যবস্থা করে দেন।
সোনা মিয়ার ছেলে আখতার হোসাইন বলেন, আলী হায়দারের ছবিসহ গত ১৮ সেপ্টেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এর সূত্র ধরে নোয়াখালীর জয়াগ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল ওহাবের সঙ্গে তাঁর আলাপ হয়। ওহাবের মাধ্যমে আলী হায়দারের স্বজনদের খোঁজ মেলে। চান্দগ্রামে আসেন আলী হায়দারের একমাত্র ছোট বোন সাফিয়া বেগমের ছেলে আবদুর রহিম। মামা-ভাগনের প্রথম দেখায় দুজনের মুখেই ফুটে ওঠে হাসি।