প্রায় তিন বছর আগে যশোরের অভয়নগরে ভৈরব নদ দূষণের অভিযোগে এসএএফ ইন্ডাস্ট্রিজ নামে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা প্রদান এবং ছয় মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের জন্য ট্যানারিটিকে নির্দেশ দিয়েছিল অধিদপ্তর।
বলা হয়েছিল, এসব নির্দেশনা অমান্য করলে কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ ট্যানারিটি বন্ধ করে দেওয়া হবে। ২০১০ সালের ২৮ নভেম্বর দেওয়া ওই সব নির্দেশনা মানেনি অভয়নগর উপজেলার তালতলায় অবস্থিত এই কারখানাটি। এখনো জরিমানার ওই টাকা প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ; স্থাপন করেনি বর্জ্য পরিশোধনাগার।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের তৎকালীন পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে একটি দল ২০১০ সালের ২৭ ও ২৮ নভেম্বর সরেজমিনে তদন্ত করে কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের প্রমাণ পায়। প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি ক্ষতিকর, দূষিত ও অপরিশোধিত তরল বর্জ্য পাশের ভৈরব নদে ফেলছে। এতে নদের পানি দূষিত হওয়ার পাশাপাশি নদের মাছ বিলুপ্ত হতে চলেছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গত প্রায় তিন বছরে কারখানাটি তাঁদের কোনো নির্দেশনা মানেনি। এটি অব্যাহতভাবে ভৈরব নদ দূষণ করে চলেছে।
তালতলা খেয়াঘাটের নৌকার মাঝি আলামিন হোসেন জানান, আগে চামড়ার মিলটি দিনে ভাটার সময় নদীতে পানি ছাড়ত। এখন ছাড়ে রাতে। গন্ধে টেকা যায় না। ভৈরব নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন উপজেলার অভয়নগর গ্রামের মালোপাড়ার প্রতাপ বর্মণ। তিনি জানান, নদে এখন তেমন মাছ পাওয়া যায় না। মাছের পরিবর্তে জালের সঙ্গে উঠে আসে চামড়ার ছোট ছোট অসংখ্য টুকরা।
১৩ অক্টোবর এ বিষয়ে জানতে এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন মুঠোফোনে বলেন, ‘জরিমানার টাকা জমা দেওয়ার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা টাকা জমা দেওয়ার জন্য আমাদের কিস্তি করে দিয়েছেন। সে অনুযায়ী কিস্তিতে আমরা জরিমানার টাকা জমা দিচ্ছি। ইতিমধ্যে কয়েক কিস্তির টাকা জমা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাড়াতাড়ি বর্জ্য পরিশোধনাগার স্থাপন হয়ে যাবে। আমরা বর্জ্য নদে ফেলছি না; কারখানার অভ্যন্তরে বর্জ্য সেমি ট্রিটমেন্ট করছি।’
অবশ্য একই দিন পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে বলেন, ‘১৯৭৯ সালে কারখানাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিদিন ৬০০ লিটার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলছে। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও জরিমানার একটি টাকাও তারা জমা দেয়নি। বর্জ্য পরিশোধনাগার স্থাপনের জন্য তারা একটি প্ল্যান জমা দিয়েছিল। আমরা সেটা অনুমোদন দিয়েছিলাম। কিন্তু তারা সেটি করেনি। আসলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনে তাদের গরজ নেই। তারা ভৈরব নদ দূষণ ঘটিয়েই চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’