৭০ লাখ নতুন ভোটারের পরিচয়পত্র ছাপা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালনাগাদ প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রায় ৭০ লাখ নতুন ভোটারের জাতীয় পরিচয়পত্র ছাপার কাজ শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে এই ছাপার কাজ শেষ হবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, আগেরবারের মতো এবারও জাতীয় পরিচয়পত্র ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এ বিষয়ে গত ১৮ আগস্ট একটি চুক্তি হয়েছে। পরিচয়পত্র ছাপা হবে সেনাবাহিনীর ছাপাখানায়। চুক্তি অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হবে। যখন যে জেলার পরিচয়পত্র ছাপার কাজ শেষ হবে, সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে ভোটাররা তা সংগ্রহ করতে পারবেন।
২০১২ সালের মার্চে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। শেষ হয় ডিসেম্বরে। আইন অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৩১ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং আবেদনকারীদের ভোটার ঠিকানা স্থানান্তর করা হয়।
এবারের হালনাগাদে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৮ লাখ ১৮ হাজার ৬৩৮ এবং পুরুষ ৪১ লাখ ১১ হাজার ৬৬৫ জন।
জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচয়পত্র বিভাগের পরিচালক মহসিন আলী প্রথম আলোকে বলেন, ভোটারের ঠিকানা স্থানান্তর, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং আসনভিত্তিক ভোটার তালিকা তৈরি করতে গিয়ে পরিচয়পত্র ছাপার কাজে বিলম্ব হয়েছে। তবে ইতিমধ্যেই ছাপার কাজ শুরু হয়েছে এবং যেসব জেলার ছাপার কাজ আগে শেষ হবে, সেগুলো চলতি মাসেই বিতরণ শুরু করা সম্ভব হবে। তিনি জানান, জরুরি ভিত্তিতে কারও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হলে তিনি জাতীয় পরিচয় নিবন্ধন প্রকল্পের কেন্দ্রীয় দপ্তরে আবেদন করে অল্প সময়ের মধ্যে তা সংগ্রহ করতে পারবেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, কয়েক দিনের মধ্যে দশম সংসদ নির্বাচনের ভোটার তালিকা ছাপার কাজ শুরু হবে। এ তালিকাও সেনাবাহিনীর ছাপাখানায় ছাপা হবে।