প্রকল্পের মোট বরাদ্দের ৭০ শতাংশ অর্থ ব্যয় হওয়ার পরও শুরু হয়নি চট্টগ্রাম চাক্তাই মেরিনার্স বাইপাস সড়কের নির্মাণকাজ। তিন মাস পর শেষ হবে এই প্রকল্পের মেয়াদ। ২০১০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন বলছে, সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায় প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জমি হস্তান্তর না করায় সড়কের নির্মাণকাজ শুরু হয়নি। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনকে ভূমি অধিগ্রহণের জন্য ৪০ কোটি টাকা দেওয়া হলেও তারা জমি বুঝিয়ে দিতে পারেনি। তাই এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এতে চাক্তাই খালের বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায় ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরে যথাক্রমে ৩৫ কোটি ও পাঁচ কোটি টাকা জমা দেওয়া হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, ‘বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী নদী পর্যন্ত মেরিনার্স বাইপাস সড়ক উন্নয়নসহ ডাইভারশন খাল ও সন্নিহিত খালসমূহের পুনর্বাসন’ নামের এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকা।
এই প্রকল্পে সরকার অর্থায়ন করছে ৪৫ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা এবং সিটি করপোরেশন নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১১ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা। ইতিমধ্যে সরকার ৪০ কোটি টাকা ছাড় দিয়েছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী নদী পর্যন্ত প্রস্তাবিত এই সড়কের দৈর্ঘ্য ৩ দশমিক ২৫২ কিলোমিটার এবং প্রস্থ গড়ে ২০ ফুট। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী এই সড়ক নির্মাণের জন্য ৩৩১ দশমিক ৮ শতক জমি অধিগ্রহণ করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ভবনের ক্ষতিপূরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা। সড়ক নির্মাণ, একটি সেতু ও দুটি কালভার্ট নির্মাণ খাতে বরাদ্দ আছে চার কোটি সাত লাখ ৫৪ হাজার টাকা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বী মিয়া বলেন, ‘মেরিনার্স সড়কের জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এ জন্য স্থানীয় কাউন্সিলরদের চিঠি দেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষ হলে করপোরেশনকে জমি বুঝিয়ে দেওয়া হবে।’ কবে নাগাদ এই কার্যক্রম শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এটা বলা যাবে না।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতিবছর চাক্তাই খাল খনন করা হয়। কিন্তু সড়কের অভাবে খালের অনেক জায়গা খনন করা সম্ভব হয় না। এ ছাড়া খাল থেকে উত্তোলন করা মাটি ও বর্জ্য সরিয়ে নেওয়া অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। তাই দ্রুত সড়কের নির্মাণকাজ শুরু করা দরকার।’ তিনি বলেন, সড়কটি নির্মিত হলে নগরের চকবাজার ও বাকলিয়া এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হয়ে উঠবে।