৭০ শতাংশ কমিউনিটি ক্লিনিক লক্ষ্য অর্জন করেছে
কমিউনিটি ক্লিনিক নিয়ে এক মধ্যবর্তী মূল্যায়নে দেখা গেছে সেবাদানের ক্ষেত্রে ৭০ শতাংশ ক্লিনিক লক্ষ্য অর্জন করতে পেরেছে। ২৭ শতাংশ ক্লিনিক ভালো চলছে। বাকি ৩ শতাংশ ক্লিনিক সেবাদানের ক্ষেত্রে পিছিয়ে আছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এনআইএস মিলনায়তনে এক কর্মশালায় এই মূল্যায়ন প্রতিবেদনের তথ্য উপস্থাপন করা হয়। মূল্যায়নে দেখা গেছে, কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ৯৫ শতাংশ মানুষ সেবার ব্যাপারে সন্তুষ্ট।
ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ফর সেলফ রিলায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড হেলথ (ডাসকো) এবং সুইস রেডক্রস রাজশাহী জেলার কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে এ প্রতিবেদন তৈরি করে। ২৩৩টি ক্লিনিকে কাজ করার পর এ প্রতিবেদন প্রকাশ করা হলো।
কর্মশালায় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশে সাফল্যের পেছনে বিশেষ করে এমডিজি অর্জনের ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো বড় ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস বলেন, কমিউনিটি ক্লিনিকের সাফল্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের অনেক প্রশংসার কথা শোনা যাচ্ছে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই। আমাদের আরও অনেক কাজ করার আছে।