৭০ শতাংশ নারীর কোনো সম্পত্তি নেই
৭০ শতাংশ নারীর কোনো সম্পত্তিই নেই। ২৯ শতাংশ নারীর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। নদীভাঙন, দারিদ্র্য, পুরুষতান্ত্রিকতা, ভাইদের সম্পত্তি দিয়ে দেওয়াসহ বিভিন্ন কারণে ১ শতাংশ নারীর একসময় সম্পত্তি থাকলেও এখন আর তা দখলে নেই।
গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারীর জন্য অর্থনৈতিক ন্যায্যতা: ন্যায্য মজুরি, সম্পদের অধিকার এবং বাজারে প্রবেশাধিকার’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন ও মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গবেষণপত্র উপস্থাপন করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
দেশের ছয়টি বিভাগের আটটি জেলার আটটি উপজেলা আটটি গ্রামে ৮৩ জন নারী উদ্যোক্তা, ১১৯ জন শ্রমিকসহ (৬৮ জন নারী শ্রমিক ও ৫১ জন পুরুষ) মোট ২০২ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত হয় এ গবেষণা। গত বছরের ডিসেম্বর থেকে গত মার্চ মাস পর্যন্ত এ গবেষণার তথ্য সংগ্রহ করা হয়।
এ গবেষণার মূল উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের সমস্যা এবং নারী শ্রমিকের ন্যায্য মজুরি এবং আয়বৈষম্যের চিত্র তুলে আনা। গবেষণায় বলা হয়েছে, ২৬ শতাংশ নারী উদ্যোক্তা ও শ্রমিক তাঁদের অর্জিত সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে মতামত দিতে পারেন। গবেষণা অনুযায়ী, যেসব ব্যবসা বাড়ি থেকে পরিচালনা করা যায়, নারীরা সাধারণত সে ধরনের ব্যবসার সঙ্গে বেশি জড়িত। অন্যদিকে তাঁরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারেই আসতে পারছেন না। গবেষণায় অংশ নেওয়া ৮৩ জন নারী উদ্যোক্তার মধ্যে ১৯ জনেরই আয় দিয়ে তাঁদের সংসার চলে। গবেষণায় বেরিয়ে এসেছে, মুঠোফোন নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গবেষণায় বলা হয়েছে, পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকেরা বেশি প্রশিক্ষণ পেয়েছেন। তবে তাঁরা তা কাজে লাগাতে পারছেন না। ৬১ শতাংশ নারী শ্রমিক দৈনিক ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত মজুরি পেলেও ৫৬ শতাংশ পুরুষ শ্রমিক দৈনিক পাচ্ছেন ২০০ থেকে ৪০০ টাকা। মজুরিবৈষম্যের কারণ হচ্ছে, পুরুষেরা কাজের জন্য যেকোনো দূরত্বে যেতে পারেন। এ ছাড়া পুরুষদের গৃহস্থালি কাজেরও দায়িত্ব নিতে হয় না।
সভার প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর সম্পত্তিতে সম-অধিকার প্রতিষ্ঠা করতে সরকার সিদ্ধান্ত নেবে। শিগ্গিরই এ বিষয়টিতে সবাই শুভসংবাদ পেতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে তখনই, যখন নারী সম্পত্তিতে সম-অধিকার পাবেন।
আইন ও সালিশ কেন্দ্রের নিবার্হী পরিচালক সুলতানা কামাল বলেন, ন্যায্যতা কখনোই অসমতায় সম্ভব নয়। ভোটের রাজনীতিতে ধর্মের কারণে নারীর সম্পত্তির সম-অধিকারের বিষয়টি চাপা পড়ে যায়।
আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক এম এম আকাশ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তাক হোসেন, অর্থনীতিবিদ মামুন রশীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গ্রুপ পরিচালক স্টিফেন হালদার প্রমুখ।