৭০ শতাংশ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজারবাগ পুলিশ লাইনে কেক কাটেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া l ছবি: প্রথম আলো

ঢাকা মহানগরের ৪৯টি থানায় গত বছর ১৯ হাজার ৪০৭টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এর মধ্যে ৭০ শতাংশ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
ডিএমপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাঁরা কেক কেটে ডিএমপির ৪০ বছর পূর্তি উদ্যাপন করেন। এরপর ছিল দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে একটি বিশেষ মহল হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মারছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না কর্তব্যরত পুলিশও। এখন পর্যন্ত পেট্রলবোমা হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তিনি বলেন, ‘আমরা ঢাকা শহরকে অপরাধমুক্ত দেখতে চাই। সে জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’