৭০ শতাংশের লক্ষ্য অর্জন ভালো চলছে ২৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি ক্লিনিকগুলোর ৭০ শতাংশই লক্ষ্য অর্জন করতে পেরেছে। ২৭ শতাংশ ভালো চলছে। তবে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা নিতে আসা শিশুদের যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তার ৫০ শতাংশ অপ্রয়োজনীয়। বয়স্কদের ক্ষেত্রে এই হার ১৪ শতাংশ।
রাজশাহীর কমিউনিটি ক্লিনিক নিয়ে এক মধ্যবর্তী-পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, কমিউনিটি ক্লিনিকের সারা দেশের চিত্র এ রকমই।
গতকাল রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে এক কর্মশালায় এই প্রতিবেদন তুলে ধরা হয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সুইস রেডক্রস এবং রাজশাহীভিত্তিক এনজিও ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ফর সেলফ-রিলায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড হেলথ (ডাসকো) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
পর্যালোচনায় দেখা গেছে, রাজশাহীর ৭০ শতাংশ কমিউনিটি ক্লিনিক লক্ষ্য অর্জন করতে পেরেছে, ২৭ শতাংশ ক্লিনিক ভালো চলছে। তবে ৩ শতাংশ ক্লিনিক কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে। পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, যেসব কমিউনিটি ক্লিনিকের সঙ্গে স্থানীয় মানুষের সম্পৃক্ততা বেশি, যেখানে কমিউনিটি গ্রুপগুলো সক্রিয়, সেসব ক্লিনিক ভালো চলছে। ৯৫ শতাংশ মানুষ বলেছে, তারা ক্লিনিকের সেবায় সন্তুষ্ট।
অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী জেলায় ২৩৩টি কমিউনিটি ক্লিনিক আছে। সুইস রেডক্রসের আর্থিক সহায়তায় ‘পাবলিক হেলথ ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ রাজশাহী’ প্রকল্পের মাধ্যমে ২০১৩ সাল থেকে এসব ক্লিনিকের সঙ্গে কাজ করে ডাসকো। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোর পর্যালোচনা করেছে সুইস রেডক্রস।
অনুষ্ঠানে সরকারের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস বলেন, অল্প কিছু ক্লিনিক নিয়ে পর্যালোচনা হলেও এতে সারা দেশের চিত্র ফুটে উঠেছে। ক্লিনিকগুলোতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বলা আছে, স্বাস্থ্যকর্মীরাও কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে পারে। তাই এ ক্ষেত্রে বিধিবিধানের বড় ধরনের ব্যত্যয় হচ্ছে না। এ ছাড়া আর্থসামাজিক বাস্তবতার কারণেও স্বাস্থ্যকর্মীরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন বা দিতে বাধ্য হন।
শিশুদের চিকিৎসায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিষয়ে অনুষ্ঠান শেষে রাতে জানতে চাইলে মুঠোফোনে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ এম কিউ-কে তালুকদার প্রথম আলোকে বলেন, অতি ব্যবহারে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারায়। প্রয়োজনের সময় আর রোগ নিরাময় হয় না। রোগ সম্পর্কে নিশ্চিত হয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।
প্রধান অতিথি স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ালে সেবার মানও বাড়বে। মান বাড়ানোই এখন স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।
কর্মশালার বিশেষ অতিথি ও সুইস রেডক্রসের দেশীয় প্রতিনিধি অমিতাভ শর্মা বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহের ব্যবস্থা মূল্যায়ন করা দরকার। তিনি বলেন, রাজশাহীর আশপাশের জেলাতে কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনা তাঁদের আছে।
তবে অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সুইস রেডক্রসের উচিত হবে রাজশাহীতে কাজ সীমিত রাখা ও কাজের মান বাড়ানো। পাশাপাশি অন্য দাতাদের উদ্বুদ্ধ করা, যেন তারা কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করে।