গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিনটি মামলায় ৭০ জন সাঁওতাল এবং বাঙালিকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। গতকাল সোমবার বিকেলে ওই আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সহিংসতার ঘটনায় সাঁওতাল ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। রংপুর চিনিকল ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। এর মধ্যে গত ২২ জানুয়ারি শর্ত সাপেক্ষে ছয় সপ্তাহের জন্য চারটি মামলায় তাঁদের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনটি মামলায় তাঁরা গতকাল সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেজামিনের আবেদন করেন। আদালতের বিচারক সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে ও সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ ৭০ জনের জামিন মঞ্জুর করেন। আরেকটি মামলার নথি গাইবান্ধা জেলা জজ আদালতে থাকায় ওই মামলার শুনানির জন্য ২০ মার্চ দিন ধার্য করা হয়।
সাঁওতালদের পক্ষের আইনজীবী মুরাদ জামান গতকাল সন্ধ্যা সাতটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা একটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি মামলার জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক তিনটি মামলায় ৭০ জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।