৭০ হাজার ইয়াবা বড়ি আটক
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম কেরানীনগর থেকে গত বুধবার রাতে ৭০ হাজার ইয়াবা বড়ি আটক করেছে বিডিআর। এর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। এদিকে কুমিল্লা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হেরোইন আসছে। এই জেলায় গত ছয় মাসে প্রায় ৩৫ কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। এর মধ্যে ডিসেম্বরেই আটক করা হয়েছে প্রায় সাড়ে ২৫ কেজি। ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন আহমদ বলেন, ‘বুধবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় বাঁশি বাজালে দুটি কার্টন ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। কার্টন দুটি খুলে ৭০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এগুলো বিডিআরের তত্ত্বাবধানে রয়েছে।’বিডিআরের তথ্যানুসারে, গত ৩১ জুলাই থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে নয় কেজি হেরোইন আটক করা হয়। আর শুধু ডিসেম্বর মাসেই আটক করা হয়েছে প্রায় সাড়ে ২৫ কেজি হেরোইন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশন ও রাজগঞ্জ বাজার এলাকা, কুমিল্লা রেলস্টেশন, চৌদ্দগ্রামের শ্রীপুর ও মতিয়াতলী এলাকা, রাজেশপুর পূর্বপাড়া দরগাপাড়া, দক্ষিণগ্রাম বাজার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী, বুড়িচংয়ের গিলাতলা ও ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের হেরোইন চোরাচালান-সংশ্লিষ্ট মামলা করা হয়নি। বিডিআর হেরোইন উদ্ধার করে মামলা দিয়েছে।’