৭০তম জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া
রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে গতকাল শনিবার রাতে ৭০তম জন্মদিনের কেক কাটলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সোয়া নয়টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে আনা পাঁচটি কেক পরপর কাটেন তিনি। এর আগে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, রুহুল আলম চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে গতকাল চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নিচতলার সম্মেলনকক্ষটি বিশেষভাবে আলোকসজ্জা করা হয়। কার্যালয়ের প্রবেশ ফটকে এবং কক্ষটির ভেতরে ফুল, মরিচ বাতি ও বিভিন্ন রঙের কাপড় দিয়ে সাজানো হয়। খালেদা জিয়া রাত ৯টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছান। এ সময় মহিলা দলের নেতা-কর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর খালেদা জিয়া সরাসরি নিচতলায় ওই কক্ষে গিয়ে নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন।
সন্ধ্যার পরপরই গুলশানের কার্যালয়ে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘শুভ শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন’ বলে স্লোগান দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে পাঁচটি কেক এনে সাজিয়ে রাখা হয়।
অন্যবার ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১৫ আগস্টের প্রথম ক্ষণে নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন খালেদা জিয়া। এ ছাড়া ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে কেক কেটে আলাদাভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে এবার তা হয়নি।