১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে স্লুইসগেটটি। প্রতিবছর জলাবদ্ধতা দেখা দেয় বোতলার দোলা এলাকায়। এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চারটি গ্রামের ৩০০টি পরিবার প্রায় ৭০০ একর জমিতে আমনের চাষ করতে পারছে না।সরেজমিনে দেখা গেছে, কয়েক দিনের অবিরাম বর্ষণে বোতলার দোলায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি সরে যাওয়ার কোনো পথ নেই। গজঘণ্টা বাজার থেকে রাজবল্লভ এলাকায় যেতে সড়কের দুই ধারে এ জলাবদ্ধতার দৃশ্য চোখে পড়ে। রোপণ করা আমনের চারা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। আবার কিছু স্থানে আমনের চারাগুলো কচুরিপানায় ঢেকে আছে। ওই এলাকায় একনাথ, জয়দেব, রমাকান্ত ও রাজবল্লভ—এই চারটি গ্রামের লোকজনের আবাদি জমি আছে।রাজবল্লভ গ্রামের কৃষক মকসুদার রহমানের তিন একর জমি আছে। তিনি বলেন, ‘গেল বছরও আমন ধান নষ্ট হইছে। এবারও এটে থাকি (এখান থেকে) আর থান পাওয়া যাবার নয়।’ রমাকান্ত গ্রামের কৃষক আজিজার রহমান এ বছর সেখানে সাত একর জমিতে আমন ধান আবাদ করেছেন। তিনি বলেন, ‘যখন ধানের চারা বুনছি, তখন তেমন একটা পানি ছিল না। আর এলা একটানা বৃষ্টি হয়া হামার শোগ রোপণকৃত ধানখেত নষ্ট হয়া গেল।’জয়দেব গ্রামের কৃষক আব্বাস আলী বলেন, ‘এই দোলার পানি যাতে জমিতে না থাকে, সে জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি গেট করছে, যে গেট দিয়া পানি সরি যাইবে। প্রতিবছরই শুনি আসতেছি, এই গেট ঠিক করা হইবে। কিন্তু তা আর হয় না।’পাউবো ওই এলাকার আবাদি জমির পানি নিষ্কাশনের জন্য ১৯৯২ সালে একটি স্লুইসগেট নির্মাণ করে। এই পানি একটি খালের মাধ্যমে তিস্তা নদীতে গিয়ে পড়ত। মাত্র তিন বছর যেতে না যেতেই গেটটি নষ্ট হয়ে যায়।গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী বোতলার দোলায় জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘এই চারটি গ্রামের কয়েক শ মানুষ তাদের জমিতে আমনের চাষাবাদ করতে পারে না। পানিপ্রবাহের জন্য স্লুইসগেটটি বন্ধ। আমি নতুন নির্বাচিত চেয়ারম্যান। এর পরও এ কাজটি গুরুত্ব সহকারে দেখব।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক প্রথম আলোকে জানান, সমস্যাটি দীর্ঘদিনের। জলাবদ্ধতায় কৃষকদের আমনের আবাদ নষ্ট হয়ে যায়। বিষয়টি পাউবোকে এক বছর আগেও জানানো হয়েছে। কিন্তু তারা কোনো উদ্যোগই নেয়নি।পাউবো রংপুরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, স্লুইসগেটের পাশে একটি খাল ছিল। সেটি ভরাট হয়ে যায়। এ কারণে গেটটি অকার্যকর হয়ে পড়ে। নতুন করে খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু প্রকল্প না থাকায় তা করা হয়নি।