ট্রান্সফরমার বিকল হওয়ায় বরগুনা শহরের সদর রোড এলাকার ৭০০ জন বিদ্যুতের গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। তীব্র দাবদাহে এই এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। অন্যদিকে, এলাকার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।বিদ্যুৎ বিভাগের বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বরগুনা শহরের সদর রোড এলাকার ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারে কারিগরি ত্রুটি দেখা দেয়। স্থানীয় প্রকৌশলীরা সেটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। পরের দিন ট্রান্সফরমারটি মেরামতের জন্য বরিশালে পাঠানো হয়।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের সরবরাহ বন্ধ হওয়ার পর মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বহনকারী একটি গাড়ি বিক্ষুব্ধ গ্রাহকেরা অবরোধ করে রাখেন। পরে ওই দিন রাত আটটার দিকে বরগুনা পৌর মেয়রের হস্তক্ষেপে পরের দিন বিকেলের মধ্যে বিদ্যুতের সরবরাহ নিশ্চিৎ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন এবং বিদ্যুৎকর্মীদের ছেড়ে দেন।পৌর মেয়র মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘নতুন ট্রান্সফরমার আনতে পরিবহনের জন্য বিদ্যুৎ বিভাগের জরুরি বরাদ্দ না থাকায় দ্রুত জনভোগান্তি লাঘব করতে আমি ছয় হাজার টাকা দিয়েছি।’বরগুনা মাছ বাজারের মেসার্স ফ্রেন্ডস ফিসের মালিক জহিরুল হক জানান, তিন দিনে হিমায়িত করতে না পারায় তাঁর আড়তে প্রায় দুই লাখ টাকার চিংড়ি ও অন্যান্য মাছ পচে গেছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারণে এ সমস্যা বাড়ছে। শহরের সদর রোড এলাকার হোটেল বে অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান জানান, তিন দিন ধরে একটানা জেনারেটর দিয়ে হোটেল চলছে। এতে দৈনিক সাড়ে পাঁচ হাজার টাকার জ্বালানি ব্যয় হচ্ছে। প্রচণ্ড গরমে শীতাতপ যন্ত্র চালু করতে না পারায় হোটেলের আবাসিক বাসিন্দারা কক্ষ ছেড়ে দিচ্ছে।বিদ্যুৎ না থাকায় সদর রোড এলাকায় ১৫টি স মিল বন্ধ রয়েছে। এসব মিলে কর্মরত প্রায় ৩০০ জন শ্রমিক পরিবার নিয়ে দুর্দশার মধ্যে আছেন। স মিলমালিক মনির হোসেন বলেন, ‘শ্রমিকেরা দিন আনে দিন খায়। প্রথম দুই দিন অগ্রিম নিয়ে তাঁরা সংসার চালিয়েছেন। এখন আমাদেরই আয় বন্ধ, আগ্রিম দেব কীভাবে?’বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগের বরগুনা কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলীকে পাওয়া যায়নি। কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। সহকারী প্রকৌশলী বুলবুল আহমেদ জানান, বিকল ট্রান্সফরমারটি বরিশালে মেরামত করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে সেটির মেরামতকাজ শেষ হতে পারে। শনিবার (আজ) বিদ্যুতের সরবরাহ করা যাবে বলে আশা করা যাচ্ছে। নির্বাহী প্রকৌশলী কোথায় আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন একটি ট্রান্সফরমারের খোঁজে স্যার খুলনা গেছেন।’