৭০০ গ্রাহক বিদ্যুত্ সংযোগ পাননি এক বছরেও!
এক বছর আগে আবেদন করেও বিদ্যুত্-সংযোগ পাননি কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৭০০ গ্রাহক। এ ছাড়া বিদ্যুত্-সংযোগ পেতে আবেদনকারীরা অফিসে বারবার ধর্না দিলেও কোনো কাজ না হওয়ায় তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।মহেশখালী পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে আবাসিক এলাকায় বিদ্যুত্-সংযোগ নিতে গত এক বছরে অন্তত ৭০০ জন গ্রাহক আবেদন করেন। এর মধ্যে ১০০ জন গ্রাহকের বাড়িতে মিটার লাগানোর অনুমতি চূড়ান্ত হলেও বাকি ৬০০ গ্রাহকের আবেদন অফিসে পড়ে আছে।মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার বাসিন্দা নূর আহমদ বলেন, ‘নতুনভাবে বিদ্যুত্-সংযোগ নেওয়ার জন্য এক বছর আগে পল্লী বিদ্যুত্ অফিসে একটি আবেদন করি। পরে অনেকবার যোগাযোগ করেও এখন পর্যন্ত সংযোগ মেলেনি।’উপজেলা পল্লী বিদ্যুত্ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার বলেন, ‘একসময় আমরা নিজেরাই নতুন করে মিটার সংযোগের অনুমতি দিতাম। কিন্তু গত বছরের ১৭ আগস্টের পর থেকে মিটার সংযোগের ক্ষমতা আমাদের হাতে নেই।’বিপ্লব কুমার আরও বলেন, মিটার সংযোগের অনুমতি দিচ্ছেন এখন জেনারেল ম্যানেজার (এজিএম)। আর জেলা সদর থেকে মিটারের অনুমতি পেতে অনেকটা বিলম্ব হচ্ছে।