৭০০ ছাত্রাবাসে অবস্থানকারীদের তথ্য পুলিশ এখনো পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের আবাসিক ছাত্রাবাসগুলোয় (মেস) বসবাসকারী শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহে পুলিশের উদ্যোগ পুরোপুরি সফল হচ্ছে না। এক বছরে অর্ধেক ছাত্রাবাস কর্তৃপক্ষ অবস্থানকারীদের জীবনবৃত্তান্ত পুলিশের কাছে জমা দেয়নি। বহিরাগত ও সন্ত্রাসীদের চিহ্নিত করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত বছরের জুনে এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ছাত্রাবাসের মালিকদের বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। যেসব ছাত্রবাস থেকে অবস্থানকারীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়নি, সেগুলোর অধিকাংশই ছাত্রশিবির নিয়ন্ত্রিত বলে অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সরকারি কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজের আশপাশসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শিক্ষার্থীদের বসবাসের জন্য প্রায় দুই হাজার মেস রয়েছে। তবে পুলিশের হিসাব অনুযায়ী এই সংখ্যা দেড় হাজার। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে এক হাজারেরও অধিক মেস। আর বাকি ৫০০ মেস শহরের অন্যান্য স্থানে।পুলিশ জানায়, মেসগুলোতে অবস্থানকারীদের জীবনবৃত্তান্ত দেওয়ার জন্য গত বছরের জুনে প্রত্যেক মেসের মালিককে ফরম সরবরাহ করা হয়। ফরমে অবস্থানকারীদের ছবিসহ ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগের নাম চাওয়া হয়েছে। এ ছাড়া কেউ মেস থেকে চলে গেলে ও নতুন কেউ এলে তার হিসাবও রাখার কথা বলা হয়েছে। এতে করে মেসগুলোয় অবস্থানকারীর সম্পর্কে পুলিশের জানা থাকবে। সম্প্রতি কারমাইকেল কলেজের তিনটি ছাত্রাবাস বন্ধ করে শিক্ষার্থীদের আসন বাতিল করা হয়েছে। এসব ছাত্রাবাসে দীর্ঘদিন থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মী ছাড়া অন্য কেউই থাকতে পারতেন না বলে অভিযোগ রয়েছে। এ জন্য সংগঠটি খুব সহজে কলেজের নিয়ন্ত্রণ নিতে পারত। এসব ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার পর শিবিরের নেতা-কর্মীরা মেসে অবস্থান নিয়েছে বলে পুলিশের ধারণা। সম্প্রতি কারমাইকেল কলেজের পাশে দুটি মেস থেকে শিবিরের ৩১ নেতা-কর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। সর্দারপাড়ার সাইখ নাজমুল হুদা টাওয়ার মেসে অবস্থানকারীদের তথ্য পুলিশকে দেওয়া হয়নি। এর স্বত্বাধিকারী সাইখ নাজমুল হুদা বলেন, ‘এই তালিকা দিয়ে আমাদের লাভ কী? আমার বাড়িতে কারা অবস্থান করছে এটা আমাদের নিজস্ব ব্যাপার।’ আশরতপুর এলাকার শিফাত ও সুমন ছাত্রাবাসের স্বত্বাধিকারী শাহীনুল ইসলাম বলেন, ‘বাড়ির গোপনীয়তা পুলিশকে জানানোর প্রয়োজন মনে করিনি বলে অবস্থানকারীদের জীবনবৃত্তান্ত দিইনি।’ কলেজপাড়ার সোহেল-শাকিল ছাত্রাবাসের মালিক আজহারুল ইসলাম পুলিশের উদ্যোগের প্রশংসা করে বলেন, এতে করে প্রত্যেকের জীবনবৃত্তান্ত পাওয়া গেছে। যেকোনো বিষয়ে কাজে লাগতে পারে। আশরতপুর এলাকার মুন ছাত্রবাসের মালিক রহিমা খাতুন বলেন, ‘আমার বাড়িতে কারা কারা কখন অবস্থান করল এর একটা সঠিক পরিসংখ্যানও থাকল।’ রংপুর পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মেস কর্তৃপক্ষকে কয়েক দফা তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা বিষয়টি আমলে নিচ্ছে না। তবে অর্ধেক মেস থেকে তথ্য পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে রাখতে ও সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে এই উদ্যোগ কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।