৭০০ পেয়ারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই কৃষকের ১২ বিঘা জমির ৭০০ পেয়ারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের ভূমিহীন কৃষক শামসুল সরদার ও আবুল কালাম আজাদ তিন বছর ধরে ১৬ বিঘা জমি বন্দোবস্ত নিয়েছেন। এর মধ্যে ১২ বিঘায় তাঁরা যৌথভাবে পেয়ারাগাছের বাগান করেন। গত বছর থেকে এই বাগানের গাছে পেয়ারা ধরতে শুরু করেছে।সরেজমিনে দেখা গেছে, বাগানের কেটে ফেলা ছোট-বড় ও ফলন্ত পেয়ারা গাছগুলো মাটিতে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল ও কালাম জানান, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাঁরা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।