
একসঙ্গে খাবার খাওয়া, আকাশে উড়াল দেওয়া, পুরোনো কোনো স্থাপনায় বসে খুনসুটি—এসবই কবুতরদের মধ্যে পরিচিত দৃশ্য। তবে অন্যদের চেয়ে আরেকটি বিষয় তাদের আলাদা করেছে, তা হচ্ছে বসবাসের ঠিকানা। উড়ে যত দূরেই যাক না কেন, ফেরার ঠিকানা একটিই; সিলেটের হজরত শাহজালালের (রহ.) দরগাহ এলাকা। এ জন্য তারা সিলেটে ‘জালালী কইতর’ নামে আলাদাভাবে সমাদৃত।
আজ সোমবার রাত থেকে শুরু হচ্ছে হজরত শাহজালালের (রহ.) দরগাহে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। হাজার হাজার নারী-পুরুষের পদচারণের মধ্যেও জালালী কইতর থাকবে তাদের মতোই।
মানুষের মায়ায় বংশপরম্পরায় প্রায় ৭০০ বছর ধরে একই ঠিকানায় কবুতরগুলোর স্থায়ী হওয়ার বিষয়টি এত দিন দেখা কিংবা মুখে বলার মধ্যেই ছিল। তবে এ নিয়ে গবেষণা বলছে, একই ঠিকানায় এত বছর ধরে একসঙ্গে বসবাস কবুতর প্রজাতির মধ্যে একটি বিরল ঘটনা। জালালী কইতর নিয়ে গবেষণাটি করেছেন সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিেমল ব্রিডিং বিভাগের প্রভাষক নয়ন ভৌমিক। তাঁর ছয় মাসের গবেষণাকর্মটি ২০১২ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ডেভেলপমেন্ট রিসার্চ-এ প্রকাশিত হয়েছে।
নয়ন ভৌমিক বলছেন, জালালী কইতরের স্ত্রী ও পুরুষ যুগলের মধ্যকার বন্ধন অন্য যেকোনো প্রজাতির কবুতরের চেয়ে অনেক দৃঢ়। নিজেদের সঙ্গী ছাড়া অন্য কোনো কবুতরের সঙ্গে মিলিত হয় না। সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে কবুতরগুলো মুক্ত অবস্থায় দেখা যায়, তা ওই কপোত যুগলেরই বংশধর। মুক্ত-স্বাধীন চলাফেরা ও নির্দিষ্ট স্থান থেকে খাদ্য সংগ্রহ আর একই ঠিকানায় বসবাসের স্বভাব তাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। কবুতরের প্রতি যত দিন এ ভালোবাসা অটুট থাকবে, তত দিন তাদের অবাধ বিচরণ থাকবে বলে মনে করেন নয়ন ভৌমিক।
হজরত শাহজালালের (রহ.) দরগাহ সিলেট নগরের কেন্দ্রস্থলের একটি এলাকা। জালালী কইতরের বসবাস শুধু সেখানেই। বিচরণকালে সিলেটের আকাশ যেন কালো হয়ে ওঠে। কথিত আছে, সিলেটে আসার পথে হজরত শাহজালাল (রহ.) ১৩০১ সালে যখন দিল্লি পৌঁছান, তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া (রহ.) তাঁর হাতে নীল ও কালো রঙের একজোড়া কবুতর উপহার দেন। হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে ১৩০৩ সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট (শ্রীহট্ট) জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতরজোড়া।
ঐতিহাসিক এ তথ্যের বরাত দিয়ে সিলেটের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আবদুল করিম কিম জানান, সেই থেকে সিলেটে কবুতরের মুক্ত স্বাধীন বিচরণ শুরু। যেন সিলেট শহরের আকাশটা তাদের। দল বেঁধে কখনো দরগাহ এলাকা, আবার কখনো কিনব্রিজ এলাকায় দেখা যায়। এ দৃশ্যপট নিয়ে জনপ্রিয় অনেক গানও রয়েছে। সিলেটে কবুতরকে আঞ্চলিক ভাষায় ‘কইতর’ বলা হয়। শাহজালালের হাত থেকে আকাশে উড়েছে বলে কবুতর বা কইতর বলার আগে সম্মোহিত হচ্ছে ‘জালালী’ নামে।
দরগাহের প্রধান ফটক পেরোলেই খেজুরগাছের নিচে এক পাশে বেড়া দিয়ে রাখা একটি স্থান সংরক্ষিত দেখা যায়। সেখানে ভক্তরা ফেলেন কবুতরের খাদ্যসামগ্রী। নির্দিষ্ট করা এ স্থান থেকেই খাবার খায় কবুতর। সেখানে অন্য প্রজাতির কবুতর রাখতেও সতর্কতা রয়েছে। বিচরণ এলাকায় স্থানে স্থানে দেখা গেছে এ ধরনের সতর্কতার সাইনবোর্ড। প্রজনন ও রাত্রিবাসের জন্য কোথাও কলসি আবার কোথাও কাঠের বক্স নির্মাণ করে দেওয়া হয়েছে। যেন কবুতরবান্ধব এক পরিবেশ। প্রাণ সংহার তো দূরের কথা, সামান্য আঁচড় দিতেও চান না কেউ। সবারই এ ব্যাপারে কঠোর নজরদারি থাকে।
ভক্তদের খাবার দেওয়া আর জালালী কইতরের মুক্ত স্বাধীন ওড়াওড়ির মধ্যে ৭০০ বছরের পুরোনো সেই ইতিহাসের প্রাণের ধারার যেন দেখা মেলে। কবুতরকে সমাদর করে মানুষ একধরনের প্রশান্তিও খোঁজেন। যত দিন মানুষ থাকবে, তত দিন কবুতরও থাকবে। জালালী কইতরের প্রতি অকৃত্রিম এক ভালোবাসা থেকে এভাবেই বলছিলেন হজরত শাহজালালের (রহ.) দরগাহের অন্যতম খাদেম মুজাহিদ হোসেন।