
দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন-চার কিলোমিটার হেঁটে কলেজে আসেন তাঁরা। কিন্তু বেশির ভাগ দিনই ক্লাস হয় না। কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থীর জন্য ১৭ জন শিক্ষক থাকলেও নিয়মিত আসেন মাত্র পাঁচজন। অনিয়মিতভাবে আসেন দুজন। বাকি ১০ জন শিক্ষকের কেউ এক বছর কেউবা দুই বছরের বেশি সময় ধরে আসছেন না। এর কারণ শিক্ষকেরা বেতন পান না।
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া কলেজে পাঠদানের এ অবস্থা চলছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের এ কলেজে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৬৯৬ জন।
অধ্যক্ষসহ যে পাঁচজন কলেজে নিয়মিত আসেন তাঁরা সামান্য ভাতা পান। এ টাকা দিয়ে যাতায়াত খরচও ঠিকমতো উঠে আসে না।
২০০১ সালে ঘাগড়া কলেজ প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় বাসিন্দা প্রয়াত রাঙা চান চাকমা কলেজের জন্য ১ একর ৪২ শতক জমি দান করেন। পরে রাঙামাটি জেলা পরিষদ ওই জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে দেয়। ২০০২ সালে ১৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষকেরা জানান, কলেজ প্রতিষ্ঠার পর ১৭ শিক্ষক বিনা বেতনে পাঠদান চালিয়ে গেছেন। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না।
একাদশ শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার ও খাইচাই মারমা বলে, মাত্র পাঁচজন শিক্ষক থাকায় প্রায়ই ক্লাস হয় না। ঘাগড়া কলেজে অধিকাংশ শিক্ষার্থী দুর্গম এলাকা থেকে আসে। দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষকসংকট নিরসনের পাশাপাশি ঘাগড়া কলেজে ছাত্রাবাস নির্মাণ প্রয়োজন বলে তারা জানায়।
বিজ্ঞান বিষয়ের শিক্ষক ওবায়দুল্লাহ খান বলেন, ‘আমি রাঙ্গুনিয়া থেকে ক্লাস নিতে আছি। আমাকে মাত্র তিন হাজার টাকা দেওয়া হয়। যাতায়াত ভাড়াও হয় না।’
ঘাগড়া কলেজের অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় বেশির ভাগ শিক্ষক এখন আর কলেজে আসেন না। শিক্ষার্থীদের কাছ থেকে যা বেতন পাওয়া যায় তা দিয়ে পাঁচজন শিক্ষককে ৩ থেকে ৪ হাজার টাকা ভাতা দেওয়া হয়। সব শর্ত পূরণ হওয়ার পরও কলেজটি এমপিওভুক্ত করা হচ্ছে না।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীৎ চাকমা প্রথম আলোকে বলেন, শিক্ষক না থাকায় কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ছে। কলেজটি এমপিওভুক্ত করার দাবি জানান তিনি।