
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের মেধাবী, অসচ্ছল ও প্রতিবন্ধী ৭০০ শিক্ষার্থীকে স্নাতক শেষ না হওয়া পর্যন্ত বছরে ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া শুরু করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। চার বছরে এই শিক্ষার্থীরা প্রত্যেকে ১ লাখ ২০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।
‘শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর এত ব্যাপকভাবে বৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হলো। বৃত্তিপ্রাপ্তদের প্রতি অ্যালামনাইয়ের আহ্বান, যেন তাঁরা মন দিয়ে পড়ালেখা করে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠেন, ছুটিতে গ্রামে গিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে অংশ নেন এবং চাকরিতে যোগদানের চার বছর পর কমপক্ষে একজন শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেন।
অ্যালামনাইয়ের এই বৃত্তি দিতে আর্থিক সহযোগিতা করেছে বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক, সিটি গ্রুপ, স্টিলটেক ইন্ডাস্ট্রিজ, নয়ার, রাইজিং হোল্ডিং, হান্নান ফ্যাশন ও বিভিন্ন ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, উন্নয়নের জন্য সবাইকে শিক্ষিত করে গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এটি আজকের বৃত্তি দেওয়ার মাধ্যমে আরও জোরালো হয়েছে। তিনি বলেন, ‘নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই তোমাদের বৃত্তি পাওয়া সার্থক হবে। এ সুযোগকে নিয়ামত হিসেবে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) আখতারুজ্জামান, অ্যালামনাইয়ের সহসভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, শাইখ সিরাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব রঞ্জন কর্মকার।