বদরগঞ্জের মৌয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭০০ শিক্ষার্থীর মধ্যে বেঞ্চে বসতে পারে মাত্র ২৫৪ জন
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার (পিএসসির) ফলাফলে রংপুরের বদরগঞ্জের মৌয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে দ্বিতীয়। গত পাঁচ বছর ধারাবাহিক এ সাফল্য। এ কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু অবকাঠামো, শিক্ষক ও বেঞ্চের সংকটে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, এক একর জমির ওপর ১৯৮২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে পৃথক দুটি ভবনে আটটি কক্ষ রয়েছে। এর মধ্যে সাতটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ। বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৭০০। শিক্ষক রয়েছেন নয়জন, কর্মচারী একজন। দুজন করে বসা যায় এমন জোড়া বেঞ্চ রয়েছে ১২৭টি। এতে বসতে পারে ২৫৪ জন শিক্ষার্থী। বাকি ৪৪৬ জন শিক্ষার্থী মেঝে ও গাছতলায় বসে অথবা দ্বিতীয় শিফটে ক্লাস করে। দুটি ভবনের একটি দ্বিতল। এটি নির্মিত হয় ২০০১ সালে। গত বছরের ভূমিকম্পে ভবনের দুটি শ্রেণিকক্ষে ফাটল দেখা দেয়। এ অবস্থার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ১০ বছর আগে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন শতাধিক। ২০০৯ সালে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মো. এহেছানুল কবীর খান। তাঁর নেতৃত্বে অভিভাবক সমাবেশের পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত হওয়ায় পাল্টে যায় বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ। ভালো হতে থাকে পরীক্ষার ফল। বৃদ্ধি পায় শিক্ষার্থীর সংখ্যা। ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সাল এই পাঁচ বছরে পাসের হার ছিল শতভাগ।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নানা সমস্যার মধ্যেও আট বছর ধরে বিদ্যালয়টিতে পাসের হার শতভাগ। পাঁচ বছর ধরে বিদ্যালয়টি পিএসসির ফলাফলে উপজেলার মধ্যে দ্বিতীয় হয়।
গত মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ‘ক’ শাখায় গিয়ে দেখা যায়, ৩ জন করে ২৪টি জোড়া বেঞ্চে ৭২ জন শিক্ষার্থী গাদাগাদি করে বসেছে। এ সময় সহকারী শিক্ষক ওয়াজেদ আলী বলেন, ‘কক্ষের ২৪টি জোড়া বেঞ্চে ৪৮ জন বসা যায়। কিন্তু বেঞ্চের সংকটে ৩ জন করে বসছে। এতে পাঠদানে মনোযোগ হারায় শিক্ষার্থীরা। গত বছর এই কক্ষে ভূমিকম্পে ফাটল দেখা দেয়, তবুও ঝুঁকি নিয়ে ক্লাস করাই।’
অভিভাবক সাজ্জাদ হোসেন ও শেফালী বেগমের ভাষ্য, এই বিদ্যালয়ে পড়াশোনার মান খুব ভালো। পরীক্ষার ফল ভালো হওয়ায় প্রতিবছর এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহেসানুল কবীর খান বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি পরীক্ষার ফলাফলে উপজেলায় সুনাম অর্জন করেছে। দুই শিফটে ক্লাস নেওয়া হয়। যদি এক শিফটে ক্লাস নেওয়ার মতো অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষক ও বেঞ্চ থাকত, তাহলে শুধু উপজেলায় কেন, জেলার মধ্যে এই বিদ্যালয় শীর্ষস্থান দখল করতে পারত। শিক্ষার্থীদের উপস্থিতি বলা চলে শতভাগ। ক্লাস যাতে বাদ না পড়ে সে জন্য একজন অতিরিক্ত শিক্ষক রাখা হয়েছে। এ জন্য প্রতি মাসে আমরা পকেট থেকে তাঁকে সম্মানী দিই।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌস সরকার বলেন, ‘বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় নতুন করে আমরা শিক্ষার্থী নিতে পারছি না। এতে অভিভাবকদের কথা শুনতে হয়। বেঞ্চের সংকটে শিক্ষার্থীদের মাঠে ও মেঝেতে বসতে হয়।’
উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ওই বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় লেখাপড়ায় কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যালয়ে নতুন ভবন ও শিক্ষকের সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছয় মাস আগে চিঠি দেওয়া হয়েছে।