৭১ টিভির ভিডিও-অডিও আদালতে, আদেশ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং সেখানে শোনানো প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত অডিও রেকর্ড আজ রোববার সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের দুই সদস্যের বেঞ্চ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেওয়ার জন্য ৭১ টিভিকে নির্দেশ দিয়েছিলেন। এর আগে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মতামত নেন।

আজ সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে ৭১ টিভিতে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি বিচারাধীন থাকাকালে ৭১ টেলিভিশন দুই বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড প্রচার করেছিল। বিচারাধীন কোনো বিষয় নিয়ে এভাবে প্রচার ও আলাপ-আলোচনা করলে তাতে বিচার প্রভাবিত হতে পারে। তবে এতে আদালত অবমাননা হয়েছে কি না, তার সিদ্ধান্ত নেবেন আদালত।

আপিল বিভাগের আজকের কার্যতালিকায় দেখা গেছে, ৭১ টেলিভিশনের বিষয়টি মঙ্গলবার আদেশের জন্য রাখা হয়েছে।

এ বিষয়ে গত মঙ্গলবার আদালতের আদেশের পর মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, দৈনিক জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে রায়ের তারিখ ধার্য ছিল ১৩ আগস্ট। তার আগে ৭১ টেলিভিশন প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড প্রচার করেছে। ওই রেকর্ড আদালতে বাজাতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলে আদালত সম্পর্কে কুৎসা রটানো হয়। সেটি দেশবাসীকে শুনিয়ে ৭১ টিভি আদালত অবমাননা করেছে কি না, তা আদালত পরীক্ষা করবেন।