৭১ রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে। গত রোববার দিবাগত রাত নয়টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৭১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠান বিজিবি সদস্যরা।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৩ শিশু, ১৩ নারী, ১৭ পুরুষসহ মোট ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়। ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১০৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
এদিকে গত রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৩৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, বিজিবির বাধা পেয়ে তারা আবার মিয়ানমারে ফিরে যায়। তিনি বলেন, ছোট ছোট কয়েকটি নৌকায় করে নাফ নদী পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চেয়েছিল।