মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে। গত রোববার দিবাগত রাত নয়টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৭১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠান বিজিবি সদস্যরা।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৩৩ রোহিঙ্গাকে আটক করে নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়।
রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে ৩৮ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানান ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।