গণমাধ্যমে (সংবাদপত্র, টেলিভিশন ও রেডিও) কর্মরত ৬৭ শতাংশ নারী সাংবাদিকের কাছে তথ্য পাওয়ার ক্ষেত্রে ‘জেন্ডার’ এখন আর কোনো সমস্যা নয়। এ ছাড়া ৭১ শতাংশ নারী সাংবাদিক পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পাচ্ছেন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের (আইজিএস) ‘স্টেট অব উইমেন ইন জার্নালিজম-এ পাইলট এফোর্ট ইন ঢাকা বেইজড মিডিয়া’ (গণমাধ্যমে ঢাকাভিত্তিক নারী সাংবাদিকদের অবস্থা) শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার রাজধানীর জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনটি তৈরিতে আইজিএসের গবেষক দল গণমাধ্যমে কর্মরত ১০০ জন নারী সাংবাদিক এবং ২৫ জন পুরুষ সাংবাদিকের ওপর জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে নারী সাংবাদিকেরা বৈষম্যের শিকার হন। তাঁদের দুর্বল ও অক্ষম ভাবার একটা প্রবণতা রয়ে গেছে। সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে নারীর অংশগ্রহণ নেই বললেই চলে। মাতৃত্বকালীন ছুটি অনেকেই পান না, অনেক সময় ছুটি কাটিয়ে এসে দেখেন তাঁদের চাকরি নেই। কোথাও কোথাও তাঁরা পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম পাচ্ছেন। মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা না থাকা, সহকর্মীদের ঠাট্টা, যৌন হয়রানি ইত্যাদি কারণে অনেক নারীই সাংবাদিতকায় থাকতে পারছেন না।জরিপে অংশগ্রহণকারী নারী সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। প্রতিবেদনটি উপস্থাপন করেন আইজিএসের গবেষক দিলারা হোসেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম বলেন, একটা সময় শুধু পত্রিকায় মহিলাদের নিয়ে যে আয়োজন, তাতেই নারী সাংবাদিকেরা অংশ নিতেন। এখন অসংখ্য নারী সাংবাদিক কাজ করছেন। সাংবাদিক ও যাত্রীর উপদেষ্টা জগলুল আহমেদ চৌধুরী বলেন, প্রতিবেদনটির সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নারী সাংবাদিকদের অবস্থান সম্পর্কেও বিস্তারিত বিবরণ দেওয়া দরকার ছিল।অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, গণমাধ্যমে অংশগ্রহণ বাড়লেও অনেক ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে।তবে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, তিনি ২০ বছর ধরে সাংবাদিকতায় আছেন। আজকের কাগজ, ভোরের কাগজ ও প্রথম আলো—কোথাও তিনি সহকর্মীদের বাধার মুখে পড়েননি।