৭১ সালে কাদের সিদ্দিকী ব্যাংক লুট করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, কাদের সিদ্দিকী ১৯৭১ সালে ব্যাংক লুট করেছেন। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে আশিকুর রহমান এ অভিযোগ করেন। কাদের সিদ্দিকীকে ‘বঙ্গবীর’ উপাধী দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আশিকুর রহমান বলেন, কাদের সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নীলনকশা বাস্তবায়নের কাজ করছেন। মুক্তিযুদ্ধের সময়ও তিনি বেইমানি করেছেন। নিম্নমানের রাজাকারদের মেরে সুনাম কামিয়েছেন। টাঙ্গাইল মুক্ত হয় ১১ ডিসেম্বর। মুক্ত টাঙ্গাইলে কাদের সিদ্দিকী আসেন ১২ ডিসেম্বর। এসেই তিনি ন্যাশনাল ব্যাংকসহ অসংখ্য দোকানপাট লুট করেন।আশিকুর রহমান বলেন, ‘কাদের সিদ্দিকী আজ আমাকে রাজাকার বলছেন, যুদ্ধাপরাধী বলছেন। আমি যুদ্ধাপরাধী নই। আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই। তাঁর বক্তব্য অনুযায়ী আমি যুদ্ধাপরাধী হলে একাত্তর সালের শত শত সরকারি কর্মকর্তাও যুদ্ধাপরাধী।’ খালেদাকে ব্যক্তিগত আক্রমণ: মাহবুব আরা গিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে দুই নম্বরের (সংখ্যা) যোগ বা প্রভাব আছে। তাঁর মন্ত্রিসভায় দুজন যুদ্ধাপরাধী ছিলেন নিজামী ও মুজাহিদ, তাঁর জন্মদিন দুটি, সন্তান দুটি, সরকারের কাছ থেকে বাড়ি নেন দুটি, টাকা দুই রকম কালো এবং সাদা ইত্যাদি। মাহবুব আরা বলেন, ‘স্বাধীনতাসংগ্রামের সময় জিয়াউর রহমানের ডাকেও খালেদা জিয়া সাড়া দেননি। তবে জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার কিছু মিলও আছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিলেন। আর খালেদা জিয়া ’৯৬ সালে সেই খুনিদের বিরোধীদলীয় নেতা ও এমপি করেছিলেন। জিয়াউর রহমান মন্ত্রিসভায় দুজন যুদ্ধাপরাধী রেখেছিলেন, খালেদা জিয়াও দুজন রেখেছিলেন।’