রাঙামাটিতে গত ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসের পর উদ্ধারকাজ ও আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবা দেওয়া ৭১ জনকে সম্মাননা দিয়েছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে তাঁদেরকে এ সম্মাননা দেওয়া হয়। স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।
গতকাল সকাল ১০টায় রাঙামাটি সেনা রিজিয়নের হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক। সভায় বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, রাঙামাটির সদর সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ উল্লাহ প্রমুখ।
রিজিয়ন সূত্রে জানা গেছে, ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় উদ্ধারকাজ ও আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাশ্রমে দিন-রাত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এক দল তরুণ ও শিক্ষার্থী। তাঁরা শুরু থেকে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে যাচ্ছেন।
রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক বলেন, দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অতুলনীয়। তাঁরা স্বেচ্ছায় যে শ্রম দিচ্ছেন তার মূল্য অনেক।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, স্বেচ্ছাসেবকদের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি দিয়ে সেনাবাহিনীও মহৎ কাজ করেছে।