
‘একজন বন্ধু, দুটি গাছ’ স্লোগান নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল প্রথম আলো বন্ধুসভা। সারা দেশে ফলদ, ঔষধিসহ নানা প্রজাতির ৭১ হাজার গাছের চারা রোপণ করেছেন তাঁরা।
এই কর্মসূচিতে ১২০টি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন। তাঁরা নিজেদের টাকায় এসব চারা কেনেন। এর মধ্যে গতকাল শুক্রবার সিংহভাগ চারা রোপণ করা হয়। অনেক এলাকায় বৃষ্টি হচ্ছিল। তা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বন্ধুরা চারা রোপণ করেন। ১৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক। এদিন থেকে বন্ধুরা গাছ লাগাচ্ছেন। তাঁরা কোথাও ভেষজ গাছের বাগান তৈরি করেছেন, কোথাও রাস্তার দুই পাশে, কোথাও স্কুল-কলেজের প্রাঙ্গণে চারা লাগিয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক চারা রোপণ করা হয়েছে মেহেরপুরে। সেখানে তাঁরা নানা প্রজাতির সাড়ে চার হাজার চারা রোপণ করেছেন। তাঁদের হাতে মজুত রয়েছে আরও দুই হাজার চারা। সেগুলো আজ শনিবার রোপণ করা হবে। গতকাল দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলার মাঠে ১১ প্রজাতির চারা রোপণ করা হয়। গত বৃহস্পতিবার সদরের বামনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটসহ (পিটিআই) আশপাশের সড়কে চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক এম এ বাশার, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি জান্নাতুল বাকের, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর বন্ধুসভার সভাপতি হোসেন খান, সহসভাপতি সাব্বির হোসেন প্রমুখ।
বগুড়ার বন্ধুরা তিন হাজার চারা লাগিয়েছেন। সিলেট নগরের বিভিন্ন এলাকায় তিনটি বন্ধুসভার সদস্যরা মোট ২ হাজার ৯০০টি চারা রোপণ করেছেন। এর মধ্যে এমসি কলেজ বন্ধুসভা ৮০০টি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ১০০টি চারা লাগিয়েছে।

নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা দুই হাজার করে মোট চার হাজার গাছের চারা রোপণ করেছেন। গতকাল নওগাঁর বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এসব গাছের চারা রোপণ করা হয়। সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মীর সাহেবের পুকুর এলাকায় গতকাল সকাল নয়টায় গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার এস এম সিরাজুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ বি এম রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সেন্টু আনসারী প্রমুখ। পরে বন্ধুরা রাস্তাটির দুই পাশে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের ৫০০টি চারা রোপণ করেন। তা ছাড়া বন্ধুসভার উদ্যোগে শহরের সীমান্ত পাবলিক স্কুল মাঠে ৩০০টি, মরচুলা উচ্চবিদ্যালয় মাঠে ২৫০টি, সান্তাহার শেরেবাংলা উচ্চবিদ্যালয় মাঠে ৩০০টি, পত্নীতলা উপজেলার কুন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুন্দন উচ্চবিদ্যালয়, কুন্দন হাফেজিয়া মাদ্রাসার মাঠ ও কুন্দন ঈদগাহ মাঠে ৬০০টি গাছের চারা রোপণ করা হয়।
খুলনায় দেড় হাজার, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড় হাজার, মৌলভীবাজারে ১ হাজার ৩২০টি, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০০টি করে এবং নরসিংদী ও নাটোরের লালপুর উপজেলায় ১ হাজার ১০০টি করে গাছের চারা রোপণ করা হয়। নেত্রকোনা, বাগেরহাট, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, পাবনা, নাটোর ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক হাজারটি করে গাছের চারা রোপণ করা হয়। প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর এ কর্মসূচি পালন করবে বলে জানালেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}