৭১০ বস্তা ভেজাল সার উদ্ধার, ৫০ মণ কলা জব্দ
যশোর ও নাটোরের লালপুর থেকে ৭১০ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়েছে। ফরিদপুরে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সময় ৫০ মণ কলা জব্দ করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: যশোর: সদর উপজেলার খিতিবদিয়া গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ২৫০ বস্তা নকল সার, এক ট্রাক জিপসাম ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ভেজাল সার তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন গোলাম হোসেন ও তাঁর ভাগনে মানিক। গোলাম হোসেনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে। তিনি খিতিবদিয়া গ্রামের শফি উদ্দীন চাকলাদারের বাড়ি ভাড়া নিয়ে সেখানে নকল সার তৈরির কাজ করতেন। আর এ কাজে তাঁর সহযোগী ছিলেন মানিক। গতকাল শনিবার গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, কারখানাটিতে যে টিএসপি সারের নমুনা পাওয়া গেছে, তার দানা আসল টিএসপি সারের মতো নয়। ডলোচুন ও জিপসাম দিয়ে ওই সার তৈরি করা হয়েছে।লালপুর (নাটোর): শুক্রবার রাতে র্যাব-৫-এর সদস্যরা লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৪৬০ বস্তা ভেজাল সার ও ভেজাল সার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় র্যাব-৫-এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার আতাউর রহমানসহ ১০ থেকে ১২ জনের নামে একটি মামলা করেন।ফরিদপুর: শুক্রবার দুপুরে সদরের কানাইপুর বাজার থেকে কীটনাশক মেশানোর সময় ৫০ মণ সাগরকলা উদ্ধার করেছে র্যাব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন কলায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর দায়ে শরীফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।