৭১-এর চেতনা রক্ষায় ইইউর সমর্থন চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনা ও একাত্তরের মূল্যবোধকে ধ্বংস করতে সক্রিয় অপশক্তিকে রুখতে সব সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন পাওয়া যাবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ৷ গতকাল বৃহস্পতিবার ইইউ কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে সরকারের এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে এই প্রথম ইইউ সদস্যভুক্ত দেশের কূটনীতিকদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাধারণত এ ধরনের বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্ব থাকলেও গতকালের বিফ্রিংটি এর ব্যতিক্রম বলে জানিয়েছে বৈঠকের একাধিক সূত্র।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বক্তব্য দেন। এ ছাড়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।