৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে নির্মূল কমিটির আলোচনা সভা
৭২-এর সংবিধান থেকে সরে আসাতেই দেশে সাম্প্রদায়িক হিংসা ও হামলার সূত্রপাত ঘটেছে। তবে স্বাধীনতা-পরবর্তী দেশের ওই প্রথম সংবিধানে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব। আজ শুক্রবার ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনে বাধা কোথায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ওই সভায় আইন ও সংবিধান বিশেষজ্ঞরা ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তির সঙ্গে আপস না করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের মূল চেতনায় ফিরে যেতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনীতি। অনেককে খুশি করার চেষ্টার অংশ হিসেবে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র উঠিয়ে দেওয়া হয়েছে। ওই সংবিধানে ফিরে না গেলে রামু, সাঁথিয়া ও নাসিরনগরের মতো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতেই থাকবে।
সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর-উল ইসলাম মুক্তিযুদ্ধের চেতনাকে উঁচুতে রাখা একটি পাথরের সঙ্গে তুলনা করে বলেন, ‘ওই পাথর আমরা তুলে এমন জায়গায় স্থাপন করি, যা আবারও গড়িয়ে নিচে নেমে আসে। তার মানে আমরা পাথরটি সঠিক জায়গায় স্থাপন করছি না। কোথায় যেন আমরা অস্থির, আমাদের নীতি ও সিদ্ধান্তগুলোতে আমরা অটল থাকছি না।’
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘রাষ্ট্রের যদি ধর্ম থাকে, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। কেননা গণতন্ত্রে সবার সমান অধিকারের কথা বলে, যা আমাদের স্বাধীনতার পরের সংবিধানের মূলমন্ত্র ছিল।’
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুদের ওপরে হামলার ঘটনা যদি বিএনপি-জামায়াতের আমলে ঘটত, তাহলে আমাদের কিছু বলার থাকত না। কিন্তু এটি আওয়ামী লীগের আমলে ঘটছে বলে আমরা চিন্তিত হয়ে পড়েছি।’ তিনি বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। তাদের ক্ষমতায় রেখেই সাম্প্রদায়িক হামলার ঘটনা বন্ধ করতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, গত কয়েক বছরে আওয়ামী লীগের জামায়াতীকরণ হয়েছে। জামায়াতের অনেক লোক আওয়ামী লীগ ও প্রশাসনে ঢুকে পড়েছে। এদের আওয়ামী লীগ থেকে বের করতে হবে।
আইনজীবী রানা দাস গুপ্ত বলেন, সরকারি দলের লোকেরা যদি এ ধরনের হামলায় জড়িত হয়, তাহলে এই দেশে হিন্দুরা আর বেশি দিন থাকতে পারবে না।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, মুজিবনগর সরকারের সহকারী সচিব সৈয়দ মাহবুবুর রশিদ ও মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীনের ছেলে তৌহীদ রেজা নূর।