৭২ ঘণ্টা পরিবহন পার না করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় পরিবহন মালিক সমিতির নেতারা আজ রোববার সকাল থেকে ৭২ ঘণ্টার জন্য কোনো গাড়ি ফেরিতে পার না করার সিদ্ধান্ত নেন। এতে সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে প্রতিদিনের মতো দূরপাল্লার তেমন একটা গাড়ি আসতে দেখা যায়নি।
এদিকে গত শুক্রবার সকালে ছোট-বড় ২০টি গাড়ি নিয়ে দৌলতদিয়ার ডুবোচরে আটকে থাকা ফেরি কেরামত আলী ৫৬ ঘণ্টা পর আজ বিকেল চারটার দিকে উদ্ধার হয়েছে।
ফেরি কেরামত আলীর মাস্টার সরোয়ার হোসেন দাবি করেন, শুক্রবার সকালে পাটুরিয়া ঘাট থেকে চারটি বাস ও ১৬টি ছোট (ব্যক্তিগত) গাড়ি নিয়ে ফেরিটি ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়ার অ্যাপ্রোচ চ্যানেলে ঢোকার সময় স্রোতের ধাক্কায় তিন নম্বর ঘাট থেকে প্রায় চার হাজার ফুট ভাটিতে ডুবোচরে আটকা পড়ে। এরপর ফেরিটি উদ্ধারে অন্যান্য ফেরির সঙ্গে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএর আইটি (ইনল্যান্ড ট্রাক) টাগ জাহাজ একসঙ্গে কাজ শুরু করে। গতকাল শনিবার দুপুরের দিকে উদ্ধারকারী বিআইডব্লিউটিসির টাগবোড আইটি-৩৮৯ ও বিআইডব্লিউটিএর আইটি বোড শৈবালও বিকল হয়ে পড়ে। বিকল টাগ বোড দুটিকে পাটুরিয়ার ভাসমান কারখানায় মধুমতিতে মেরামতের জন্য নেওয়া হয়। পরে কর্তৃপক্ষ মাওয়া থেকে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন আইটি-৩৯৪-এর সাহায্য চাইলে তা আজ বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আবার ডুবোচরে আটকে পড়ে। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পর মাস্টারের সহায়তায় বিকেল চারটার দিকে ফেরি কেরামত আলী উদ্ধার হয়। কাল সোমবার সকাল থেকে আবারও ফেরি কেরামত আলী গাড়ি পারাপার শুরু করবে বলেও জানান তিনি।
এদিকে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দূরপাল্লার পরিবহন একে ট্রাভেলসের দৌলতদিয়া ঘাট শাখার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম জানান, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক সমিতির আলোচনা সাপেক্ষে আজ সকাল থেকে আগামী ৭২ ঘণ্টা কোনো দূরপাল্লার পরিবহন ফেরিতে পারাপার হবে না। তবে বাসে করে দক্ষিণাঞ্চলের জেলা থেকে আসা যাত্রীরা সাধারণ লঞ্চে নদী পার হয়ে বিকল্প উপায়ে পাটুরিয়া থেকে রাজধানী ঢাকাসহ অন্যত্র যাতায়াত করবে। এতে করে ফেরি পারাপারে বাসের চাপ অনেকটা কমে আসছে।
তবে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দাবি করেন, ‘পরিবহন মালিক সমিতির সঙ্গে আমাদের কর্তৃপক্ষের এমন কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা আমার জানা নেই। তবে অন্যান্য দিনের মতো তেমন একটা দূরপাল্লার বাস না থাকায় এখন পর্যন্ত ঘাটে আসা যাত্রীবাহী বাস ও ট্রাকগুলো সুষ্ঠুভাবে পার করে দেওয়া হচ্ছে। ফলে আজ সন্ধ্যা পর্যন্ত ঘাটে যানবাহনের তেমন একটা চাপ নেই বললেই চলে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাহার আলী সরদার বলেন, তীব্র স্রোতের কারণে খননকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া ডুবোচরে আটকে থাকা ফেরি উদ্ধারের ব্যাপারে বিআইডব্লিউটিসির একটি শক্তিশালী জাহাজ সার্বক্ষণিক প্রস্তুত রাখা উচিত।