৭২ ঘণ্টার অবরোধ শুরু
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিরোধীদলীয় এই জোট।
গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণের দাবি আদায় এবং প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এ কর্মসূচি দেওয়ার কথা বলছে জোট।
রাজধানীর রামপুরার বৌবাজার এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শিবিরের বেশ কয়েকজন কর্মী একটি মিছিল বের করেন। অবরোধের সমর্থনে তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। তাত্ক্ষণিকভাবে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে শিবিরের চার কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান।
রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা এবং বেশ কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।
ভোর সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ করে অবরোধকারীরা। এ সময় পণ্যবাহী একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে ট্রাকের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়।
একতরফা নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার ভোর ছয়টায়। এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কারণে গত চার দিন কোনো কর্মসূচি ছিল না। তবে মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জোটের শরিক জামায়াতে ইসলামী।
এর আগে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর এবং ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আরও দুই দফায় ১২ দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। তফসিল ঘোষণার পর গত ২১ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১১০ জন প্রাণ হারিয়েছেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মানিকগঞ্জ প্রতিনিধি)