৭২ ঘণ্টার অবরোধে বিচ্ছিন্ন ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।

নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ‘একতরফা’ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে গতকাল শুক্রবার এ কর্মসূচি দেয় ১৮-দলীয় জোট।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন।

আজ শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা এই কর্মসূচি চলবে।

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ৭১ ঘণ্টা কর্মসূচি পালন করে বিরোধীদলীয় এই জোট।

সকাল নয়টার দিকে রাজধানীর গ্রিন রোডে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় মিছিল থেকে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান শিবিরের কর্মীরা।

একই সময়ে রামপুরায় মিছিল করতে গিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের কর্মীরা। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাবতলী বাস টার্মিনালের কাছে সকাল সাড়ে ছয়টার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় আল হেলাল হাসপাতালের সামনে থেকে সকাল সাতটায় জামায়াতের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। তাঁরা হলেন আবদুল হালিম ভূইয়া ও আনোয়ারুল কবির। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এ তথ্য জানিয়েছেন।

রাজশাহীতে ভোরে ধানভর্তি কয়েকটি ট্রাক ও ওষুধবাহী একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় রেললাইন অবরোধ করায় ঢাকা ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রামের এ কে খান এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।