৭২ ঘণ্টার মধ্যে অবৈধ বিলবোর্ড ব্যানার ও ফেস্টুন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টাঙানো ​ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ শুরু হয়েছে৷ গতকাল সুরিটোলায় ব্যানার অপসারণ করেন মেয়র সাঈদ খোকন l প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টাঙানো ​ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ শুরু হয়েছে৷ গতকাল সুরিটোলায় ব্যানার অপসারণ করেন মেয়র সাঈদ খোকন l প্রথম আলো

৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার, ফেস্টুন অপসারণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সুরিটোলায় অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরুর আগে সাঈদ খোকন এ ঘোষণা দেন৷ তিনি বলেন, ‘ডিএসসিসির অপসারণ কার্যক্রমে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বাধা দিলে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংগঠনকে আহ্বান জানানো হবে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসির পাঁচটি অঞ্চল থেকেই একযোগে এসব দৃষ্টিকটু অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার, ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই তা অপসারণ করা সম্ভব হবে।’
সরেজমিন দেখা যায়, গতকাল বেলা একটার দিকে সুরিটোলায় নিজ ও তাঁর প্রয়াত বাবা মোহাম্মদ হানিফের নাম এবং ছবিসংবলিত বিলবোর্ড অপসারণের মাধ্যমে বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন সাঈদ খোকন। পরে ডিএসসিসির প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল গুলিস্তান ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের আশপাশের প্রায় সব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের চারপাশে থেকেই প্রায় এক হাজার ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এসব ব্যানার ও ফেস্টুন ডিএসসিসির ট্রাকে তুলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। অপসারণ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ৷