৭২ ঘণ্টার মধ্যে উৎপল দাসের সন্ধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল দাস
উৎপল দাস

অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক উৎপল দাসের সন্ধান দাবিতে সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ঢাকার নরসিংদী জেলা সাংবাদিক সমিতি।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। নিখোঁজ সাংবাদিক উৎপল দাস সংগঠনটির দপ্তর ও প্রচার সম্পাদক। গত ১০ অক্টোবর দুপুরে অফিস থেকে বের হওয়ার পর থেকে উৎপল দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সংগঠনের ব্যানারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সচিবালয়ে যান। স্মারকলিপিতে বলা হয়, ‘নিখোঁজের দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও তাঁর সন্ধান না পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হারানোর বেদনায় খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন।’

এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সমাবেশে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার, ডিআরইউ সাবেক সহসভাপতি আজমল হক প্রমুখ বক্তব্য দেন।