৭২ ঘণ্টার মধ্যে মাদকের আস্তানা উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ ঘণ্টার মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সব কটি মাদকের আস্তানা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। গতকাল শনিবার দুপুরে দক্ষিণ সুরমা থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি এই নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে সাফল্য দেখাতে না পারলে ওসিকে প্রত্যাহার করারও ঘোষণা দেন কমিশনার।
দুপুর ১২টায় দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন কুমার সামন্তর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহানগর পুলিশের সহকারী কমিশনার অপূর্ব সাহার সঞ্চালনে আলোচনায় অংশ নেন পুলিশের উপকমিশনার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রইছ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল হক, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মখন মিয়া, সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স, শ্রমিকনেতা আবু সরকার প্রমুখ।
ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স বক্তৃতায় অভিযোগ করেন, দক্ষিণ সুরমার মাদকের আস্তানাগুলো থেকে সারা সিলেটে মাদক ছড়িয়ে পড়ছে। এ আস্তানাগুলোর কারণেই চুরি, ছিনতাই, রাহাজানি, জুয়া ও ডাকাতি বাড়ছে। পুরোনো ও নতুন রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ বেড়েছে।
ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগের সূত্র ধরে মহানগর পুলিশের কমিশনার মিজানুর রহমান সভাপতির বক্তৃতায় ৭২ ঘণ্টার মধ্যে মাদকের আস্তানাগুলো উচ্ছেদে দক্ষিণ সুরমা থানার ওসিকে নির্দেশ দেন। কমিশনার বলেন, দক্ষিণ সুরমার পাঁচটি ইউনিয়ন ও তিনটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশের কমিটি গঠন করা হবে। নাজিরবাজারে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হবে। যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ এবং কমিশনারের নির্দেশনা প্রসঙ্গে ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, ‘আমি এ থানায় যোগ দেওয়ার পর আন্তরিকভাবে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে চলেছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের আস্তানাগুলো রেলওয়ে এলাকার ভেতরেই বেশি। রেলের আলাদা থানা রয়েছে। এটি দক্ষিণ সুরমা উপজেলায় হলেও আমাদের থানার অধীনে নয়। তাই ওই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যৌথভাবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই অভিযান পরিচালনা করব।’