উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পা হারালেন বাবা
৭২ ঘণ্টার মধ্যে সব আসামিকে কারাবন্দী করার নির্দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার দুই পা হারানোর ঘটনায় করা মামলার সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
আদালত বলেছেন, ঝিনাইদহের পুলিশ সুপারকে সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করে ২৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে বলা হলো।
দুই পা হারানো শাহানূর বিশ্বাস রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এদিকে ওই মামলার আসামি যুবলীগ নেতা মো. কামালসহ অন্য আসামিদের বাড়িতে গতকাল পুলিশ অভিযান চালালেও কাউকে পায়নি।
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করাই অপরাধ? দুই পা গেছে, এখন ভিটেছাড়া হওয়ার ভয়’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে এলে আদালত ওই আদেশ দেন। আদেশে আদালত বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি প্রাথমিক তথ্যবিবরণী রুজু হয়েছে। ওই দুই মামলার সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দীকরত কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে তা ২৭ নভেম্বরের মধ্যে জানাতে বলা হলো। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ২৭ নভেম্বর বিষয়টি তালিকায় আসবে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে বখাটেরা শাহানূরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁর আত্মীয় মো. ইয়াকুব আলী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সাতজনকে আসামি করে করা মামলায় অভিযোগ করেন, আসামিরা প্রথমে লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় শাহানূরকে। পরে হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করে। অন্যরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পেটায়। এতে শাহানূরের মারাত্মক রক্তক্ষরণ হয়। ১৬ জনকে আসামি করে অপর মামলাটি করেন শাহানূরের ভাই মহিনূর। মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। পেশায় বর্গাচাষি শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান আসামি কামাল নলভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ইউপি সদস্য ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আসামিদের বাড়িতে অভিযান: ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, হাইকোর্টের নির্দেশের পর পুলিশ গতকাল তিনবার যুবলীগ নেতা মো. কামালসহ অন্য আসামিদের বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাঁদের খুঁজে পায়নি।
নলভাঙ্গা গ্রামে গতকাল শাহানূরের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট নাতনিকে জড়িয়ে ধরে কাঁদছেন শাহানূরের মা সামছুন নাহার। কাঁদছে নাতনিও। বিলাপ করতে করতে সামছুন নাহার বলছিলেন, ‘আমার পোলা কী করে খাবে। ভিটাবাড়ি ছাড়া ওর এক ছটাক জমিও নাই। তিনডে ছেলেমেয়ে নিয়ে পথে বসে গেল আমার সোনা। ওরা আমার সোনার এমন অবস্থা করল, সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতি পারবে না।’
সামছুন নাহার বলেন, মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁরা।
প্রতিবেশীদের সান্ত্বনাও তাঁদের কান্না থামাতে পারছিল না। শাহানূরের ছোট মেয়ে বলে, তাকে ও তার বড় বোনকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত সন্ত্রাসীরা। এখনো সে বাড়ি থেকে বাইরে যেতে ভয় পাচ্ছে। চাচা স্কুলে আনা-নেওয়া করছেন।
শাহানূরের বড় ভাই সামাউল বিশ্বাস বলেন, গ্রামের একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নানা অপবাদ দিচ্ছে। মূলত যুবলীগ নেতা কামাল ও তাঁর লোকজন এই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তাঁরা বলার চেষ্টা করছেন, এটা উত্ত্যক্ত করার ঘটনা নয়, স্থানীয় বিরোধের জেরে এই হামলা।
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, শাহানূর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, খেটে খাওয়া মানুষ। কখনো পরের খেতে কামলার কাজ, কখনো ভ্যান চালিয়ে, আবার কখনো রাজমিস্ত্রির কাজ করে সাংসার চালাতেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাঁরা ইতিমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছেন। বাকিদের ধরতে অভিযান চলছে।