৭২ দিন উপাচার্য নেই সব কাজ থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই মাস ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের পদে কেউ নেই। ২০০৩ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর প্রতিষ্ঠানটিতে সহ-উপাচার্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে ক্রমেই বেড়ে চলেছে প্রশাসনিক জটিলতা। উপাচার্য না থাকায় মূল সনদ তুলতে পারছেন না চুয়েট থেকে পাস করা প্রকৌশলীরা। এ কারণে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনও করতে পারছেন না তাঁরা। চুয়েটের প্রকৌশল দপ্তর সূত্র জানায়, উপাচার্যের অনুমোদন (স্বাক্ষর) ছাড়া প্রকৌশল দপ্তরের কোনো প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এতে আটকে আছে বিভিন্ন প্রকল্পের নথি ও একাধিক ঠিকাদারের বিল। আটকে পড়েছে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ নথি ও একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ। উপাচার্য নিয়োগ না দেওয়ার কারণ জানার জন্য মুঠোফোনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সরকারি দলের মন্ত্রী ও সাংসদদের অযথা চাপের কারণে যোগ্য ব্যক্তিকে উপাচার্য নিয়োগ দেওয়া যাচ্ছে না। কারা বাধা দিচ্ছেন, তা জানতে চাইলে মন্ত্রণালয় থেকে কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। এক মাস ধরে ২০-২২ জন শিক্ষার্থী চুয়েট অচল করে রাখেন। গত রোববার আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আন্দোলনে তাঁদের ইন্ধন দিচ্ছিলেন দুই-একজন শিক্ষক, যাঁরা উপাচার্য হতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে খোদ শিক্ষক সমিতি অভিযোগ করেছে। এই শিক্ষকদের আবার সমর্থন দিচ্ছেন সরকারের নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার ক্যাম্পাস অচল করে রাখার জন্য দুই-একজন শিক্ষককে দায়ী করেন। তিনি এ জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। সাক্বী বলেন, ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হলে ইন্ধনদাতা শিক্ষকদের নাম বেরিয়ে আসবে। এই শিক্ষকদের কারা মদদ দিচ্ছেন, সেটাও বেরিয়ে আসবে।’ উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ গত ২৮ জানুয়ারি শেষ হয়। গত ৭২ দিনেও চুয়েটে কোনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। শ্যামল কান্তি বিশ্বাসকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে মন্ত্রণালয় থেকে অনুরোধও করা হয়নি। ২০০৩ সালের ১৯ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা আছে, ‘ভাইস চ্যান্সলরের (উপাচার্য) পদ শূন্য হলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি তাঁর দায়িত্ব পালনে অসমর্থ হলে, শূন্য পদে নতুন ভাইস চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ভাইস চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনের সমর্থ না হওয়া পর্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর (সহ-উপাচার্য) দায়িত্ব পালন করবেন।’ সহ-উপাচার্য নেই কেন, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘চুয়েট আসলে ছোট বিশ্ববিদ্যালয়। উপাচার্যই সেখানে যথেষ্ট। তাই আমরা সহ-উপাচার্য নিয়ে কখনো ভাবিনি।’ ক্যাম্পাস সূত্র জানায়, উপাচার্য না থাকায় ঠিকাদারেরা বিল পাচ্ছেন না। ঠিকাদারেরা পেট্রোলিয়াম ও মাইনিং ভবনের নির্মাণকাজ ও নতুন হলের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন। এ ছাড়াও আটকে আছে যন্ত্রকৌশল ও একাডেমিক ভবন বর্ধিত করার কাজ এবং তড়িৎ ও যন্ত্রকৌশল ভবনের সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। চুয়েটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, উপাচার্যের অনুমোদন ছাড়া প্রকৌশল দপ্তরের কোনো প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আর্থিক অনুমোদন বন্ধ থাকায় ইতিমধ্যে কয়েকটি প্রকল্প বন্ধ হয়ে গেছে, বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। আর নতুন প্রকল্পের কাজ তো শুরুই করা যাচ্ছে না।’ ইমতিয়াজ হাসান নামের একজন ঠিকাদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ভবনের নির্মাণকাজ করছে। উপাচার্য না থাকায় আমাদের ৪২ লাখ টাকার বিল আটকে আছে। এর ফলে বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’ এদিকে চুয়েটের ক্রয় (প্রকিউরমেন্ট) বিভাগের কর্মকর্তারা জানান, উপাচার্য ক্রয় কমিটির প্রধান। তাঁর (উপাচার্য) অনুমোদন ছাড়া কোনো নতুন জিনিস কেনা সম্ভব নয়। বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হকেপ) আওতায় পাঁচটি উপপ্রকল্পের জন্য গবেষণাগারের যন্ত্রপাতি কেনাসহ আরও কিছু দ্রব্য কেনা জরুরি। উপাচার্য না থাকায় তা কেনা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে ক্রয় বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উপাচার্য না থাকায় ক্রয়সংক্রান্ত অনেকগুলো নথি আটকে আছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সিন্ডিকেটের সভাও ডাকতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ, উপাচার্য ছাড়া আর কেউ সিন্ডিকেটের সভা ডাকতে পারেন না। চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. সফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘সিন্ডিকেটের সভা ডাকার এখতিয়ার শুধু উপাচার্যেরই আছে। উপাচার্য না থাকায় আমরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিরের সভা ডাকতে পারছি না।’