৭২ শিশু বিনা মূল্যে পাবে শ্রবণযন্ত্র
৭২ শ্রবণপ্রতিবন্ধী শিশু বিনা মূল্যে পেতে যাচ্ছে কানে শোনার যন্ত্র। গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে শিশুদের হাতে এসব যন্ত্র দেওয়ার বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, এটা শিশুদের জন্য ঈদ উপহার। একজন শ্রবণপ্রতিবন্ধী শিশু যখন কানে শুনতে পায় ও কথা বলতে পারে—এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিবন্ধী শিশুকে সমাজের মূল স্রোতোধারায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ‘কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচির’ পরিচালক অধ্যাপক মো. আবুল হাসনাত জোয়ারদার জানান, দেশে প্রায় ১৬ লাখÿমানুষ মারাত্মক বধিরতায় ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশে বধিরতার হার ৯ দশমিক ৯ শতাংশ। প্রতি এক হাজার জনের মধ্যে দুটি শিশু বধিরতা নিয়ে জন্মগ্রহণ করে।
মো. আবুল হাসনাত জোয়ারদার আরও বলেন, মারাত্মক বধিরতা অথবা সম্পূর্ণ বধিরতায় হিয়ারিং এইড ব্যবহার করে কানে শোনা সম্ভব হয় না। সে ক্ষেত্রে অন্তঃকর্ণে জৈব ইলেকট্রনিক যন্ত্র কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপন অত্যন্ত উপযোগী একটি ব্যবস্থা। এটি ব্যয়বহুল একটি ইলেকট্রনিক যন্ত্র, যা অস্ত্রোপচারের মাধ্যমে অন্তঃকর্ণে স্থাপন করতে হয়। এর মাধ্যমে একজন শ্রবণপ্রতিবন্ধী কানে শুনতে পারে।
বিএসএমএমইউর উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় কক্লিয়ার ইমপ্লান্ট কক্লিয়ার কর্মসূচিতে এই যন্ত্র দেওয়া হচ্ছে। এর আগে কর্মসূচির দুই ধাপে ১৫২ জনকে এই যন্ত্র দেওয়া হয়। এর মধ্যে ছিল ১৪০টি শিশু। এবার ৭২টি শিশুকে এই যন্ত্র দেওয়া হচ্ছে। প্রতিটি কক্লিয়ার যন্ত্রের বাজারদর ১০ লাখ টাকা। সে হিসাবে এবার ৭ কোটি ২০ লাখ টাকার যন্ত্র শিশুদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে।