৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফান্দাউক ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজের মধ্যেই রয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। তবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। সংযোগ পেতে বিদ্যালয় কর্তৃপক্ষ গত জানুয়ারি মাসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করে। কিন্তু এখনো তাতে সাড়া মেলেনি।
এ বিদ্যালয়ের মতোই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আরও ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ-সংযোগহীন। ফলে বছরের পর বছর প্রচণ্ড গরম ও অন্ধকারের মধ্যে চলছে পাঠদান। কর্তৃপক্ষ বলছে, এ কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাচ্ছে।
ফান্দাউক ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দেব জানান, আবেদন করার পর তাঁরা চার মাস পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ঘুরেছেন। কোনো কাজ না হওয়ায় গত ২৩ এপ্রিল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন। ইউএনও নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) কাছে সুপারিশ করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সঞ্জয় কুমার প্রথম আলোকে বলেন, ভ্যাপসা গরমের কারণে শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত স্কুলে আসে না। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ডিজিটাল ক্লাস চালুর জন্য বছর চারেক আগে পাওয়া মেটালিক বোর্ডগুলো (শিক্ষা উপকরণ) এখনো ক্লাসে সংযুক্ত করা যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) হেমায়েতুল হক ভূঁইয়া গত ৩ জুন নাসিরনগর পল্লী বিদ্যুতের এজিএমকে একটি চিঠি দেন। চিঠির সঙ্গে উপজেলার বিদ্যুৎহীন ৭২টি বিদ্যালয়ের তালিকা সংযুক্ত করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নে ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫২টিতে বিদ্যুৎ-সংযোগ আছে। বাকি ৭২টি বিদ্যালয়ের মধ্যে ৪২টির ১০০ গজের মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি থাকলেও এসব বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। এগুলো হলো উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে ছয়টি; কুণ্ডা ও হরিপুর ইউনিয়নে চারটি করে; গোয়ালনগর, নাসিরনগর সদর, পূর্বভাগ, ধরমণ্ডল, ভলাকুট, ফান্দাউক, গুনিয়াউক ও গোকর্ণ ইউনিয়নে তিনটি করে এবং চাপৈরতলা ও চাতলপাড় ইউনিয়নের দুটি করে বিদ্যালয়।
এই ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বুড়িশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ আহাম্মদ চৌধুরী বলেন, বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে বিদ্যুতের খুঁটি রয়েছে। বিদ্যালয়ে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজও শেষ হয়েছে। তবে সংযোগ দেওয়ার কোনো খবর নেই। ফলে প্রচণ্ড গরমের মধ্যে ৮০০ শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে।
বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমরেশ বিশ্বাস বলেন, প্রচণ্ড গরমের পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হলে কিংবা বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখতে হয়। তখন শ্রেণিকক্ষে অন্ধকার নেমে আসে।
পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, তাঁর বিদ্যালয়ের পাশেই ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বাড়ি। এই বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগের জন্য ছয়-সাত মাস আগে আবেদন করলেও এখনো তা আসেনি।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল হক ভূঁইয়া বলেন, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরই বিদ্যুৎ-সংযোগ দিতে অনুরোধ করা হয়েছে। তাঁরা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জানতে চাইলে নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নজরুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, চিঠি পাওয়ার পর তাঁরা সমীক্ষা চালিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এতে দেখা যায়, ওই ৪২টি বিদ্যালয়ের মধ্যে ৩২টিতে ওয়্যারিংয়ের কাজ করা হয়েছে। এসব বিদ্যালয়ে কয়েক দিনের মধ্যে সংযোগ দেওয়া যাবে। বাকি ১০টিতে শিগগিরই ওয়্যারিংয়ের কাজ শেষ করে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।