কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থবছরে ইঁদুর সারা দেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসলের ক্ষতি করেছে। গতকাল রোববার জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী জানান, ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজারদর ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। যার বাজারদর ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজারদর ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, সুন্দরবনের বাঘ মাঝেমধ্যে গ্রামে প্রবেশ করে। বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। বাঘের গ্রামে ঢোকার খবর পাওয়া গেলে এই দলটি ব্যবস্থা নেয়। এ পর্যন্ত বন থেকে লোকালয়ে আসা তিনটি বাঘকে চেতনানাশক ওষুধ দিয়ে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দুটি নতুন উড়োজাহাজ (৭৩৭-৮০০) এবং ২০১৯-২০ সালে চারটি নতুন উড়োজাহাজ (৭৮৭-৮) কেনা হবে।
মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে (মার্চ পর্যন্ত) পর্যটনশিল্পের মাধ্যমে ৯১০ কোটি ৬৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে পুনর্বাসন কার্যক্রমে আরও প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।