৭৩ উপজেলায় ভোট শুরু, আশঙ্কা রয়েই গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপে আজ সোমবার ৩৫ জেলার ৭৩টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। টানা বিকেল চারটা পর্যন্ত চলবে। এই নির্বাচনেও সহিংসতা ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে।

দেশে মোট ৪৮৭টি উপজেলার মধ্যে এর আগে চার দফায় ৩৮৬টি উপজেলার নির্বাচন হয়েছে। আজ ৩৫ জেলার ৭৩টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে বাকিগুলোর নির্বাচন স্থগিত আছে।

আজকের ৭৩টি উপজেলা নির্বাচনে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৩৬২ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪১৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৫৩৪। ভোটার এক কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন। পুরুষ ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ ও নারী ভোটার ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন।

আজকের নির্বাচনে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা-উপজেলায় সে আলামত স্পষ্ট হয়ে উঠেছে বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে সমর্থকদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অনেকটা দায় সেরেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত সিইসি) মোহাম্মদ আবদুল মোবারক। তিনি গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। একই সঙ্গে যাঁরা নির্বাচনী সহিংসতায় প্রাণ দিচ্ছেন বা সহিংসতায় জড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মৃত্যুতে আপনাদের পরিবারেরই ক্ষতি হবে। সারা বছর আপনাদের জন্য কেউ শোকসভা করবে না। এতে কোনো ফায়দা নাই।’

উপজেলা পরিষদের প্রথম দফায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হলেও পরবর্তী তিন দফায় ক্রমান্বয়ে সহিংসতা ও কেন্দ্র দখল বাড়তে থাকে। পরের তিন দফায় সহিংসতায় আটজন নিহত এবং কয়েক শ আহত হন। ২৩ মার্চ চতুর্থ ধাপেই চারজন নিহত হন। এ ধাপে অনিয়ম হয় সবচেয়ে বেশি। ব্যালট বাক্স ছিনতাই, হানাহানি, কেন্দ্র দখল করে ব্যালট পেপারে গণসিল মারাসহ নানা অনিয়মের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নিষ্ক্রিয়। কোনো কোনো স্থানে নির্বাচনী কর্মকর্তারাও গণসিল মারার কাজে সরকারি দলের কর্মীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ছবি গণমাধ্যমেও এসেছে।