৭৩ গেটওয়ে লাইসেন্স ইস্যু করেছে বিটিআরসি
দেশি-বিদেশি কল আদান-প্রদানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোট ৭৩টি গেটওয়ে লাইসেন্স ইস্যু করেছে। এ নিয়ে দেশে গেটওয়ে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৮২তে।লাইসেন্স ফি জমা দেওয়ার প্রথম পর্যায়ের সময় শেষে ২২টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ), ১৮টি আন্তসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ৩৩টি ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) লাইসেন্স ফি জমা দিয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি দ্রুত দালিলিক কাজ শেষে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ইস্যু করার প্রক্রিয়া শুরু করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির কর্মকর্তারা জানান, এতগুলো প্রতিষ্ঠান লাইসেন্স ফি জমা দেওয়ায় তাঁরাও অবাক হয়েছেন। বিটিআরসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার আরও সাতটি প্রতিষ্ঠান ফি জমা দিতে আসতে পারে।বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক মো. শহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, গত ৫ মার্চ তিন ধরনের লাইসেন্সের জন্য ৮৫ জনের মধ্যে ৮০ জনকে চিঠি পাঠানো হয়। সরকারি শর্ত অনুযায়ী, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের প্রমাণ মেলায় শুরুতেই পাঁচটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়।বর্তমানে চারটি আইজিডব্লিউ, তিনটি আইসিএক্স ও দুটি আইআইজি দেশে সেবা দিচ্ছে।গত ফেব্রুয়ারি মাসে ১৫৩টি দরপত্র থেকে মোট ৮৫টি লাইসেন্সের অনুমোদন দেয় সরকার। এর মধ্যে আইজিডব্লিউ ২৫টি, আইআইজি ৩৯টি ও আইসিএক্স ২১টি। এদের এক মাসের মধ্যে ফি জমা দিতে বলা হয়। নির্ধারিত ফি হচ্ছে আইজিডব্লিউর জন্য ১৫ কোটি, আইসিএক্সের জন্য তিন কোটি এবং আইআইজির জন্য পাঁচ লাখ টাকা।বিস্মিত মুঠোফোন অপারেটররা: এতগুলো গেটওয়ে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে আন্তসংযোগ স্থাপনের কথা ভেবে মুঠোফোন অপারেটররা বিস্মিত।এ বিষয়ে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে এতগুলো গেটওয়ে প্রতিষ্ঠানের আলাদাভাবে সংযুক্ত হওয়ার কোনো নজির বিশ্বে নেই।’ এই জটিলতা নিরসনে ও কারিগরি সমস্যা সমাধানের জন্য অপারেটরগুলো সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি।ইতিমধ্যে দেশি-বিদেশি কল টার্মিনেশনের জন্য চার আইজিডব্লিউ সেবাদাতা প্রতিষ্ঠান মীর টেলিকম, বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেড, নভোটেল লিমিটেড ও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং আইসিএক্স সেবাদাতা প্রতিষ্ঠান এম অ্যান্ড এইচ টেলিকম, গেটকো টেলিকমিউনিকেশনস লিমিটেড ও বিটিসিএলের সঙ্গে আন্তসংযোগ স্থাপন করেছে মুঠোফোন কোম্পানিগুলো। পাশাপাশি তথ্য-উপাত্তগত সেবার জন্য আইআইজি লাইসেন্স পাওয়া ম্যাঙ্গো টেলিসার্ভিস ও বিটিসিএলের সঙ্গে যুক্ত রয়েছে ছয় মুঠোফোন অপারেটর।